পরীক্ষার সময় হরতালে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট
উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালে হরতালের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আদালত আগামী রোববার এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন।সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি করেন। এতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বিএনপির মহাসচিব ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল ডাকা কেন আইনবহির্ভূত হবে না এবং হরতাল না দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় হরতাল আরোপে স্থগিতাদেশ চাওয়া হয়।মো. ইউনুস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, হরতালের কারণে ১৯ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ে লাখ লাখ পরীক্ষার্থী অংশ নিতে পারেনি। তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এসব বিবেচনা করে জনস্বার্থে রিটটি করা হয়েছে।