পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রাখার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষার সময় চার ঘণ্টা পুনর্বহাল করার দাবিতে গতকাল দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
পরীক্ষার সময় চার ঘণ্টা পুনর্বহাল করার দাবিতে গতকাল দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষিত পরীক্ষার সময় সাড়ে তিন ঘণ্টার পরিবর্তে চার ঘণ্টা পুনর্বহাল করার দাবিতে মানিকগঞ্জে গতকাল বুধবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরাও অনুরূপ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা জানান, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সের পরীক্ষার সময়সূচি চার ঘণ্টার পরিবর্তে সাড়ে তিন ঘণ্টা নির্ধারণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা চার ঘণ্টা রাখার দাবিতে সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রছাত্রীরা। মিছিল নিয়ে তাঁরা শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করেন। মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে একই দাবিতে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে গিয়ে জড়ো হন ছাত্র ইউনিয়নের জেলা ও কলেজ শাখার নেতা-কর্মীরা। এরপর সেখানে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কলেজ শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা শাখার সভাপতি এম আর লিটন, কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান, মহিদুর রহমান প্রমুখ।

ছাত্র ইউনিয়নের নেতা এম আর লিটন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে; যা শিক্ষার্থীদের জন্য নেতিবাচক। তিনি আগের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় চার ঘণ্টা করার দাবি জানান।