পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অনুরোধ ইসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব ফরহাদ আহম্মদ খান গতকাল প্রথম আলোকে এ তথ্য জানান।
২৮ মে ৭৩৩টি ইউনিয়ন এবং ৪ জুন ৭২৭টিতে ভোট গ্রহণ করা হবে। ২৭ মে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এবং ২৮ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থীদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু ব্যাংক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অনেকেই এবারের ইউপি নির্বাচনে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সে জন্য কমিশন পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে।