পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে বগুড়ায় মানববন্ধন
একই দিনে মাস্টার্স শেষ পর্ব ও পুলিশের উপপরিদর্শক (এসআই) পদের পরীক্ষার তারিখ নির্ধারণ করায় তা পরিবর্তনের দাবিতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী গতকাল রোববার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছেন।শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষার যেকোনো একটির সময়সূচি পরিবর্তনের জন্য পুলিশ সদর দপ্তর ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।বগুড়া পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপপরিদর্শক পদে নিয়োগের জন্য বগুড়ার ৩২১ জন প্রার্থীকে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে। ১৩, ১৪ ও ১৫ জুলাই তাঁদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।শিক্ষার্থীরা জানান, এ কলেজের অন্তত ১৫০ জন শিক্ষার্থী উপপরিদর্শক পদে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁরা মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থী।বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, বিষয়টি পুলিশ সদর দপ্তরকে অবহিত করা হয়েছে।’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেন, পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই।