পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) আগামী ২ থেকে ৫ মে পর্যন্ত ঘোষিত সময়সূচি পরিবর্তনের দাবিতে সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পরীক্ষার্থীরা।গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে এই অবরোধ করা হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয়। তবে আগামীকাল মঙ্গলবারের মধ্যে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ঘোষণা না এলে ২ মে আবারও সড়ক অবরোধের হুমকি দিয়েছে পরীক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় সীতাকুণ্ড উপজেলার ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীরা এ অবরোধ করে। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা পরিষদের সামনে মহাসড়কে একটি ট্রাক আড়াআড়ি করে রেখে অবরোধ করা হয়। এ কারণে উপজেলা সদরের উভয় পাশে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। এর আগে বিকেলে মহাসড়কের পাশে মানববন্ধন করে পরীক্ষার্থীরা।ইউএনও শাহীন ইমরান বলেন, ‘পরীক্ষার্থীরা আগে মানববন্ধন করার বিষয়টি জানিয়েছিল। কিন্তু হঠাৎ করেই তারা অবরোধ শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলোচনা করে অবরোধ তুলে দিই।’এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযুষ দত্ত বলেন, টানা পরীক্ষার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, চট্টগ্রাম বোর্ডের আওতায় চলতি উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২ থেকে ৫ মে লাগাতারভাবে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা আছে।