পরীক্ষার সুযোগ চেয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ৫১ জন শিক্ষার্থী নির্দিষ্ট সংখ্যক ক্লাসে অনুপস্থিত থাকায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না। এসব শিক্ষার্থী গতকাল রোববার অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁদের সঙ্গে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও যোগ দেন।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে প্রত্যেক শিক্ষার্থীকে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হয়। বিশেষ কারণে তা সম্ভব না হলে জরিমানা সাপেক্ষে পরীক্ষার সুযোগ দেওয়া হয়। তবে সে ক্ষেত্রেও ৬০ শতাংশ উপস্থিতি থাকতে হবে।
বিভাগ সূত্রে জানা যায়, আজ সোমবার থেকে আইন বিভাগের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৫১ জনকেই নির্দিষ্ট সংখ্যক ক্লাসে উপস্থিত না থাকায় পরীক্ষায় সুযোগ দেওয়া হচ্ছে না। একই কারণে ১৫ মার্চ থেকে শুরু দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায়ও অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না দ্বিতীয় বর্ষের অন্তত ৪৫ জন শিক্ষার্থী।
পরীক্ষা দিতে না পারা এসব শিক্ষার্থী বেলা ১১টার দিকে বিভাগের সামনে অবস্থান নেন। ক্লাস না করার জন্য অনুতাপ প্রকাশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ দাবি করেন। বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছিল।
জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, শিক্ষার্থীদের বারবার ক্লাসে উপস্থিত থাকার তাগিদ দেওয়া হলেও তাঁরা তা উপেক্ষা করেন। বিষয়টি নিয়ে একাডেমিক কমিটির সভায় আলোচনা হয়েছে। সেখানে সব শিক্ষক পরীক্ষা দেওয়ার সুযোগ না দিতে একমত পোষণ করেন। ৬০ শতাংশ থেকে কমিয়ে ৫৫ শতাংশ পর্যন্ত যাঁদের উপস্থিতি ছিল, তাঁদেরও পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, তা-ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুসরণ করে। আইনের বাইরে গিয়ে তাঁদের কিছু করার নেই।