চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিভিন্ন কক্ষে ছাত্রলীগের কর্মীরা তালা লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এ কারণে বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়নি।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রাণিবিদ্যা বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের সম্মান পরীক্ষায় নির্দিষ্ট উপস্থিতির হার (৬০ শতাংশ) না থাকায় কয়েকজন ছাত্রকে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়নি। এসব শিক্ষার্থীর মধ্যে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার প্রভাবশালী কর্মী রাকিব হোসেন ও শিহাবুন সাকিব ভূঁইয়া রয়েছেন।অভিযোগ রয়েছে, ফরম পূরণের সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা ছাত্রলীগের কর্মীদের নিয়ে বিভিন্ন কক্ষে তালা দেন। প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে তালা ভাঙা হয়। পরীক্ষা কমিটির সভাপতি ফরিদ আহ্সান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কোর্স নং-৪০১-এর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাটি জুলাইয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে আমাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু সে সুযোগ দেওয়া হয়নি। সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে বিভাগে তালা দিয়েছে।’বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দায়িত্ব বিভাগের একাডেমিক কাউন্সিলের।