পরীক্ষার হলে অব্যবস্থাপনায় চাকরি পাচ্ছেন অযোগ্যরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্র ও হল-ব্যবস্থাপনার সঠিক কোনো নীতিমালা না থাকায় দীর্ঘদিন ধরে সরকারি চাকরির পরীক্ষায় নকলসহ নানা অনিয়ম হচ্ছে। এ সুযোগে অযোগ্য অনেক প্রার্থীও চাকরির পরীক্ষার বিভিন্ন স্তরে উত্তীর্ণ হচ্ছেন। বিশেষ করে বিসিএসের লিখিত পরীক্ষায় মাঝেমধ্যে এমন প্রার্থীও উত্তীর্ণ হচ্ছেন, যাঁরা মৌখিক পরীক্ষায় গিয়ে সাধারণ প্রশ্নেরও উত্তর দিতে পারেন না। রাষ্ট্রপতিকে দেওয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০১০ সালের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।কেবল বিসিএসই নয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাকরির পরীক্ষাতেও এসব ঘটনা ঘটছে। পাবলিক পরীক্ষার এই সমস্যা সমাধানে কার্যকর একটি নীতিমালা তৈরিসহ ১১ দফা সুপারিশ করেছে পিএসসি।সম্প্রতি রাষ্ট্রপতিকে দেওয়া পিএসসির ২০১০ সালের ওই বার্ষিক প্রতিবেদনে বলা হয়, দুর্বল প্রশাসনিক ব্যবস্থাপনার কারণেই এসব সমস্যা হচ্ছে। বিশেষ করে বিসিএসের লিখিত পরীক্ষা দেড় মাস ধরে অনুষ্ঠিত হয়। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দুর্বল প্রশাসনিক ব্যবস্থাপনার কারণেই অনিয়ম হচ্ছে।প্রতিবেদনে বলা হয়, বিসিএসসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও পরিদপ্তরের নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এ ছাড়া নকল, পরীক্ষার্থীর আসন পরিবর্তন, পেশিশক্তি প্রয়োগ, মুঠোফোনের বার্তা আদান-প্রদানসহ নানা অনিয়ম হচ্ছে। এমনকি প্রাথমিক শিক্ষা পর্যায়ের পরীক্ষাতেও এসব দুর্নীতি ব্যাপকভাবে হয়।বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা অবশ্য দীর্ঘদিন ধরেই এসব অভিযোগ করে আসছিলেন। সর্বশেষ ৩০তম বিসিএস পরীক্ষায় ঢাকা কলেজের একটি কেন্দ্রে ছাত্রলীগের নেতারা ব্যাপক অনিয়ম করেছেন বলে অভিযোগ ওঠে। এর আগে বিভিন্ন সময়েও একই অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘গতানুগতিকভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশে পরীক্ষা নেওয়া হচ্ছে। হল-ব্যবস্থাপনা নিয়ে কোনো চিন্তাই এর আগে হয়নি। কিন্তু পিএসসি এই সমস্যাটি চিহ্নিত করেছে এবং এর সমাধান করা দরকার। এ কারণেই পরীক্ষার হল-ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি নীতিমালা তৈরির জন্য সমীক্ষা শুরু করেছে পিএসসি।’পিএসসির চেয়ারম্যান আরও বলেন, হল ও কেন্দ্রের নানান অনিয়ম দূর করতে ৩০তম বিসিএসের লিখিত পরীক্ষা থেকে নির্ধারিত ছকে পরীক্ষার হলের ব্যবস্থাপনার তথ্য নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া গতকাল অনুষ্ঠিত ৩১তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার ১১৮টি কেন্দ্র থেকেই ছক আকারে একটি করে প্রতিবেদন নেওয়া হচ্ছে। এর মাধ্যমেও সার্বিক চিত্র ফুটে আসবে। অযোগ্যরা উত্তীর্ণ: পিএসসির প্রতিবেদনে বলা হয়, বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার সময় বোর্ডের চেয়ারম্যান এবং কমিশনের সদস্যরা দেখেছেন, এমন অনেক প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যাঁরা আসলে কিছুই জানেন না। এই পরীক্ষার্থীরা কীভাবে ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে কমিশন জানতে পারে, পরীক্ষার হলে অব্যবস্থাপনার সুযোগ নিয়েই প্রার্থীরা এসব পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। এ ছাড়া ভুয়া পরীক্ষার্থীর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ, পরীক্ষার হলে নকলসহ নানান অনিয়মের চিত্র বেরিয়ে এসেছে। প্রতিবেদনে বলা হয়, পাবলিক পরীক্ষা অনুষ্ঠানের জন্য পরীক্ষায় হলগুলোর ব্যবস্থাপনার ক্ষেত্রে নিবিড়, কঠোর ও অলঙ্ঘনীয় কোনো আইনি পরিকাঠামো নেই। ফলে পরীক্ষার হলগুলো নানাবিধ অব্যবস্থাপনা ও দুর্নীতির ঘটনা ঘটছে। অনেক পরীক্ষায় দেখা যায়, দেড় লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। শত শত কেন্দ্রে, কয়েক হাজার হলে পরীক্ষা হচ্ছে। এসব ক্ষেত্রে সমস্যার সমাধান করা কঠিন। তাই কমিশন মনে করে পাবলিক পরীক্ষার কেন্দ্র ও হলে সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর সুতীক্ষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।সমস্যা সমাধানে গত বছরের ২৯ নভেম্বর ‘পাবলিক পরীক্ষার কেন্দ্রসমূহের (হল) সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, অলঙ্ঘনীয় কাঠামো না থাকায় পাবলিক পরীক্ষার কার্যক্রম বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়ে থাকে। এ বিষয়ে একটি নীতিমালা করা দরকার। এ জন্য একটি সমীক্ষা করা দরকার এবং পিএসসি এ ক্ষেত্রে সমন্বয়কের ভূমিকা পালন করতে পারে।কমিশনের ১১ সুপারিশ: সমস্যা সমাধানে মোট ১১ দফা সুপারিশ করেছে পিএসসি। এগুলো হলো—বাংলাদেশের পাবলিক পরীক্ষাগুলোয় কেন্দ্র ও হল পর্যায়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিরসনের জন্য জাতীয় ভিত্তিতে একটি সমন্বিত প্রচেষ্টা নেওয়া। এ ক্ষেত্রে সরকারি নিয়োগের সর্বোচ্চ প্রতিষ্ঠান পিএসসি অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং সবার মতামত নিয়ে একটি সমীক্ষা হতে পারে। এ ছাড়া পরীক্ষা অনুষ্ঠানের আগে সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্য অথবা পরিচালক কেন্দ্রে প্রধানদের নিয়ে একাধিক সভা, চাকরির পরীক্ষা যত বেশি সম্ভব পিএসসির নিজস্ব ভবনে নেওয়া, পরীক্ষার হলে সিসিটিভি বসানো, পরিদর্শকদের দায়িত্ব পালন শক্তিশালী করা, প্রার্থীরা পাশাপাশি বসে যেন কথা বলতে না পারে সে জন্য আসনব্যবস্থা যৌক্তিক করা, মোবাইল ফোন নিষিদ্ধ করা ও অসদুপায় অবলম্বনের জন্য কঠোর শাস্তির সুপারিশ করা হয়েছে।