পরীক্ষার হলে মুঠোফোনে বাবার উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) নকল করার দায়ে গতকাল রোববার মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা চলার সময় মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে উত্তর পাঠান ওই পরীক্ষার্থীর বাবা। সেই বার্তা দেখে উত্তর লেখার দায়ে ওই মেয়েটিকে বহিষ্কার করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শিবালয় উপজেলার সদর উদ্দিন ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগের ওই পরীক্ষার্থী গতকাল ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে মুঠোফোন নিয়েই কেন্দ্রে ঢোকে। একই উপজেলার মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর ঘণ্টা খানেক পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফারজানা পরিদর্শনে যান। এ সময় তিনি ওই পরীক্ষার্থীকে মুঠোফোনে খুদে বার্তা দেখে পরীক্ষার খাতায় উত্তর লিখতে দেখতে পান। এরপর তাকে বহিষ্কার করা হয়। মুঠোফোনটিও জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পরীক্ষা কেন্দ্রের প্রধান রঞ্জিত কুমার রায় জানান, বহিষ্কার হওয়া ওই শিক্ষার্থীর বাবা হরিরামপুর উপজেলার কৌড়ি এম এ রউফ ডিগ্রি কলেজের শিক্ষক।