পরীক্ষার হলে শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার কালীদহ এস সি উচ্চবিদ্যালয়ে টিউটোরিয়াল পরীক্ষা চলাকালে গতকাল মঙ্গলবার একজন শিক্ষকের সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সদস্যের হাতাহাতি হয়েছে৷ বিদ্যালয় সূত্র এ কথা জানায়৷
বিদ্যালয় সূত্র জানায়, গতকাল বিকেলে টিউটোরিয়াল পরীক্ষা চলাকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তপন মজুমদার পরিদর্শনের জন্য পরীক্ষার হলে প্রবেশ করেন। এ সময় পরীক্ষার হলে কর্তব্যরত সহকারী শিক্ষক সমীর বরণ দাস তাঁকে প্রবেশ করতে নিষেধ করেন এবং হলে প্রবেশ করতে হলে প্রধান শিক্ষকের অনুমতি নিতে বলেন৷ এ নিয়ে ওই শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়৷ একপর্যায়ে তা হাতাহাতিতে
রূপ নেয়৷ পরে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা পরিস্থিতি শান্ত করেন।
শিক্ষক সমীর বরণ দাস বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে ওই সদস্য পরীক্ষার হলে প্রবেশ করেছেন। তিনি জানান, পরীক্ষা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।
এ প্রসঙ্গে বক্তব্য জানতে তপন মজুমদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
প্রধান শিক্ষক রুহুল আমিন একজন শিক্ষক ও কমিটির সদস্যের মধ্যে পরীক্ষার হলে অপ্রীতিকর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷