পরীক্ষার ১৯ দিন পর প্রবেশপত্র
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ময়মনসিংহের ফুলপুর উপজেলার শালিয়া গ্রামের ফেরদৌসী বেগমের মৌখিক পরীক্ষার তারিখ ছিল গত ১১ মে। কিন্তু মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পেয়েছেন ১৯ দিন পর ১ জুন। সময়মতো প্রবেশপত্র না পাওয়ায় তিনি পরীক্ষা দিতে পারেননি।জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ফেরদৌসী বেগম। পরে ১১ মে মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করে এবং ১৩ এপ্রিল মৌখিক পরীক্ষার প্রবেশপত্র তাঁর ঠিকানায় ডাক বিভাগে ছাড়া হয়। সেই প্রবেশপত্র হাতে পেতে দেড় মাসের বেশি সময় লেগেছে।ফেরদৌসী বেগম প্রথম আলোকে বলেন, ‘লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভেবেছিলাম এবার চাকরিটা হবে। কিন্তু ডাক বিভাগের গাফিলতির কারণে সে সুযোগও হারালাম।’এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় শালিয়া ডাকঘরের পোস্টমাস্টার মাহবুব উদ্দিন জানান, গত ৩০ মে ওই প্রার্থীর পত্রটি ডাকঘরে আসে। পরে ১ জুন বিলি করা হয়।