পরীক্ষার্থী একজন, দায়িত্বে ১৫ জন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে আজ মঙ্গলবার ও গতকাল সোমবার বিকেলে এইচএসসিতে পরিসংখ্যান (তত্ত্বীয়) বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল মাত্র একজন। তবে পরীক্ষা উপলক্ষে দায়িত্ব পালন করেছেন ১৫ জন। অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের মানবিক শাখার ফাহিমা ইসলাম এই পরীক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ওই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা একজন হলেও এর জন্য দায়িত্বে ছিলেন একজন নির্বাহী হাকিম, দুজন সরকারি কর্মকর্তা (ইউএনওর প্রতিনিধি), কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদাধিকার বলে অধ্যক্ষ), পরীক্ষা পরিচালনা কমিটির তিনজন সদস্য, দুজন কক্ষ পর্যবেক্ষক (পরিদর্শক), একজন চিকিৎসক, দুজন অফিস সহকারী, দুজন পুলিশ ও একজন গ্রাম পুলিশ সদস্য। এ ছাড়া অন্যান্য দিনের মতো পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।
আজ মঙ্গলবার পরীক্ষা শুরুর আগে বেলা দেড়টার দিকে ফাহিমা ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলে, ‘একা পরীক্ষা দিচ্ছি, চারপাশে কেউ নেই, এ জন্য পরীক্ষা তেমন ভালো হচ্ছে না। একা পরীক্ষা দিতে খারাপ না লাগলেও হলে ম্যাজিস্ট্রেটসহ এত লোক, তাতে যেন কেমন-কেমন লাগে। পরীক্ষা তো দিতেই হবে এ জন্য দিচ্ছি।’
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার্থী একজন হলেও আয়োজন রয়েছে পুরোপুরি। দায়িত্বে কোনো কমতি করা হয়নি। যাঁর যাঁর দায়িত্ব সবাইকে পালন করতে হচ্ছে।’