মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার। এ তিন পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৩২ হাজার ৭২৭। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৯ হাজার ৫৫৪ জন।
তবে এ তিন পরীক্ষা দেওয়ার লক্ষ্যে নিবন্ধন করেও এক লাখ ৬৬ হাজার ৮৪৭ জন শিক্ষার্থী ঝরে গেছে। দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেছিল ১৪ লাখ ৪২ হাজার ছয়জন। এর মধ্য থেকে এবার পরীক্ষা দিচ্ছে ১২ লাখ ৭৫ হাজার ১৫৯ জন নিয়মিত পরীক্ষার্থী।
গতকাল শনিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পরীক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ তিন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে এসএসসিতে ১০ লাখ ৯০ হাজার ৫৫৫, দাখিলে দুই লাখ ৩৯ হাজার ৭৪৯ এবং এসএসসি ভোকেশনালে এক লাখ দুই হাজার ৪২৩ ছাত্রছাত্রী।
মন্ত্রী জানান, এবার পরীক্ষা কেন্দ্রে শিক্ষকেরাও মুঠোফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। কেবল কেন্দ্রসচিব মুঠোফোন ব্যবহার করতে পারবেন। এবার পাঁচটি বিষয় বাদে বাকি ২১টি বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে। বাদ থাকা পাঁচটি বিষয় হচ্ছে গণিত, উচ্চতর গণিত, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা খাতুন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।