পরীক্ষার্থী ১ জন, দায়িত্বে ১২ জন!
রংপুরের কাউনিয়ায় দরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষায় কর্ম ও জীবনমুখী বিষয়ের পরীক্ষার্থী ছিল মাত্র একজন। আর কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন ১২ জন। আজ শনিবার এ ঘটনা ঘটে। ওই পরীক্ষার্থীর নাম ওমর ফারুক (১৫)। তাঁর রোল নম্বর হলো ৫৩৩৪০৩। সে লালমনিরহাট সদর উপজেলার হরিণচড়া তালপট্টি জুনিয়র বিদ্যালয়ের শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, ওই পরীক্ষা কেন্দ্রে আজ পরীক্ষার্থীর সংখ্যা একজন হলেও দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব ও হল সুপার, দুজন কক্ষ পর্যবেক্ষক (পরিদর্শক), একজন চিকিৎসক, একজন অফিস সহকারী, একজন যাচাই-বাছাইকারী, একজন খাতা বান্ডিলকারী, পোস্ট অফিসের একজন প্রতিনিধি ও পুলিশের এক সদস্য। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি ছিল।
পরীক্ষা কেন্দ্রের সচিব ও দরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত মোসফেকা বেগম বলেন, পরীক্ষার্থী একজন হলেও আয়োজন ছিল পুরোপুরি। সবাই দায়িত্ব পালন করেছেন।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা বলেন, এবারে জেএসসিতে নিয়মিত পরীক্ষার্থীদের কর্ম ও জীবনমুখী, শারীরিক শিক্ষা ও চারুকারু পত্রের লিখিত পরীক্ষা নেই। শুধু অনিয়মিত পরীক্ষার্থীরা ওই বিষয়গুলোতে পরীক্ষা দিচ্ছে।
পরীক্ষা কেন্দ্রের হল সুপার শাহীনুর রহমান বলেন, জেএসসি পরীক্ষার্থী ওমর ফারুক ২০১৬ সালে ফরম পূরণ করলেও তখন পরীক্ষায় অংশ নেয়নি। অনিয়মিত এই পরীক্ষার্থীর জন্য ১৩ নভেম্বর শারীরিক শিক্ষা ও ১৮ নভেম্বর চারুকারু পত্রের পরীক্ষা চলার সময়ও ১২ জন দায়িত্ব পালন করবেন।