প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু
পরীক্ষার্থী ২৫ লাখ, প্রথম দিন অনুপস্থিত দুই লাখ ৬৩ হাজার
সারা দেশে একযোগে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। গতকাল মঙ্গলবার পরীক্ষার প্রথম দিনে প্রায় ২৫ লাখ পরীক্ষার্থীর মধ্যে দুই লাখ ৬৩ হাজার ২৬ জন অনুপস্থিত ছিল। অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কৃত হয়েছে ১৮৬ জন শিক্ষার্থী। দেশের বিভিন্ন স্থানে অন্যজনের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছে অন্তত ১২০ জন ভুয়া পরীক্ষার্থী।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, প্রথম দিনে প্রাথমিকের মোট নয় শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে মোট পরীক্ষার্থীর ২০ শতাংশ (৬৪ হাজার ৮৫৯ জন) অনুপস্থিত ছিল। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয় আরও ১২ জন। সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল ঢাকা বিভাগে, ৭৩ হাজার ৯৫৮ জন। আর সবচেয়ে বেশি শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে রাজশাহী বিভাগে, ৮০ জন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন পরীক্ষার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। ১২০ ভুয়া পরীক্ষার্থী আটক: পরীক্ষার প্রথম দিনে জয়পুরহাটে ৭১ জন, আলমডাঙ্গায় ৩৭ ও বাঘায় ১২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। এই ১২০ জন ছাড়াও বিভিন্ন স্থানে বেশকিছু ভুয়া পরীক্ষার্থী পালিয়ে যায়।আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে ৭১ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত এসব শিক্ষার্থী অন্যজনের হয়ে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিতে এসে ধরা পড়ে। পরে ওই সব ভুয়া পরীক্ষার্থীকে তাদের মা-বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্রনাথ বিশ্বাস জানান, ওই সব পরীক্ষার্থীর বয়স এবং হাতের লেখা দেখে সন্দেহ হলে বিষয়টি ধরা পড়ে।চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আলমডাঙ্গায় ৩৭ জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের বেশির ভাগই আনন্দ স্কুলের পরীক্ষার্থী। প্রবেশপত্রের ছবি ও বয়স নিয়ে কক্ষ পরিদর্শকদের সন্দেহ হলে তারা ধরা পড়ে। এসব ভুয়া পরীক্ষার্থী বিভিন্ন স্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুস সালাম প্রথম আলোকে জানান, তাদের বয়স কম হওয়ায় গ্রেপ্তার না করে প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বাঘায় একটি কেন্দ্রে অবৈধভাবে পরীক্ষা দেওয়ার সময় ১২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। এ খবর শুনে ওই কেন্দ্রে আরও ৪০ জন শিক্ষার্থী খাতা ফেলে পালিয়ে যায়। এরা সবাই আনন্দ স্কুলের পরীক্ষার্থী। বাজারে পরীক্ষাকেন্দ্র: গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, সাতলা ইউনিয়নের ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসার কেন্দ্র সাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্রসচিব মো. ছোহরাব হোসেন জানান, বাজারের মধ্যস্থানে অবস্থিত স্কুলটির পর্যাপ্ত জায়গা না থাকায় পেছনে বাজারের খোলা জায়গায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। ওপরে শামিয়ানা টানিয়ে চারপাশে কাপড়ের ঘের দিয়ে পরীক্ষাকেন্দ্র তৈরি করা হয়েছে।চার কিলোমিটার হেঁটে: জগন্নাথপুর প্রতিনিধি জানান, উপজেলার তিন হাজার ১৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৫ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে ২২৪ জন হাওর অঞ্চলবেষ্টিত চারটি ইউনিয়নের। কলকলিয়া, রানীগঞ্জ, চিলাউড়া-হলদিপুর ও পাইলগাঁও ইউনিয়ন থেকে পরীক্ষাকেন্দ্র বেশ দূরে হওয়ায় অনেকে পরীক্ষা দিতে যায়নি।