পরীক্ষার্থী ৩৬, একজন পরিদর্শক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গত শনিবার ইংরেজি বিষয়ের পরীক্ষায় মতলবগঞ্জ জে বি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৫ নম্বর কক্ষে মাত্র একজন শিক্ষক পরিদর্শকের দায়িত্ব পালন করেন। ওই কক্ষে পরীক্ষার্থী ছিল ৩৬ জন।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রতি কক্ষে ২৫ জন পরীক্ষার্থীর জন্য পরিদর্শক হিসেবে একজন শিক্ষক থাকার কথা। ওই কক্ষে দুজনের জায়গায় একজন পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়।
ওই কক্ষে দায়িত্ব পালনকারী শিক্ষক মো. সুমন বলেন, তাঁর কক্ষে ৩৬ জন পরীক্ষার্থীর প্রশ্ন, উত্তরপত্র, অতিরিক্ত কাগজ বিতরণ, পরীক্ষার্থীদের খাতায় সই করা, আলাদা আসনে তাদের উপস্থিতির স্বাক্ষর নেওয়াসহ অন্যান্য কাজ করতে হিমশিম খেতে হয়। এতে পরীক্ষা কক্ষের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক শিকদার বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলার ১২টি পরীক্ষাকেন্দ্রে ৪ হাজার ৪৫৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এসব কেন্দ্রে ২২০ জন পরিদর্শক দায়িত্ব পালন করছেন। পরিদর্শকের সংকট নেই। কক্ষ-সংকটের কারণে এ সমস্যা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।