পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা
মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল সোমবার দিনে-দুপুরে বাসায় হামলা চালিয়ে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করেছে একদল বখাটে। তবে পুলিশ হাতেনাতে সিএনজিচালিত অটোরিকশাসহ ছয় বখাটেকে আটক করতে সক্ষম হয়েছে।শমশেরনগর পুলিশ ফাঁড়ি এবং ওই পরীক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারের আবদুল হাকিম (২২) নামের এক যুবক দীর্ঘদিন ধরে চা-বাগানের এক কর্মচারীর এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উত্ত্যক্ত করে আসছেন। গতকাল বেলা দুইটার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ে আবদুল হাকিম সহযোগী বখাটেদের নিয়ে চা-বাগানের কর্মচারীর বাসায় হামলা চালান। এ সময় গৃহকর্ত্রী দ্রুত বাসার সব দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে তাঁরা দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শেখ শিবলুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আবদুল হাকিম, আবদুর রহমান, সুয়েজ আহমদ, জামিল হোসেন, জুয়েল আহমদ ও মঈনউদ্দীনকে আটক করে। আনোয়ার হোসেন নামের আরেক বখাটে পালিয়ে যায়। অপহরণের চেষ্টায় ব্যবহূত একটি অটোরিকশাও ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ ছয় বখাটেকে আটকের কথা নিশ্চিত করেছেন।