পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সংঘর্ষ, আহত ৫
মিরসরাইয়ে এক মাদ্রাসার ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই দল ছাত্রের সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। পরে মিরসরাই থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত শিক্ষার্থীরা হলো মোস্তাফিজুর রহমান, মোয়াজ্জেম হোসেন, মো. গোফরান, মো. নোমান ও মো. শামীম। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
করেরহাট মাদ্রাসার শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জানায়, করেরহাট মাদ্রাসা থেকে তারা দাখিল পরীক্ষায় অংশ নিতে গতকাল বৃহস্পতিবার মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসায় আসে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় লতিফিয়া মাদ্রাসার দু-তিনজন শিক্ষার্থী তাদের সহপাঠী এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করলে চার-পাঁচজন শিক্ষার্থীর সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও পরীক্ষার কেন্দ্রসচিব মাওলানা একরামুল হক জানান, সংঘর্ষে জড়িয়ে পড়া ছাত্রদের অভিভাবকদের ডেকে বিষয়টির মীমাংসা করে দেওয়া হয়েছে।
মিরসরাই থানার উপপরিদর্শক মো. শফিকুর রহমান জানান, মাদ্রাসার ছাত্রদের মধ্যে সমস্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।