পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করলেন সাবেক স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মরিয়ম আকতার (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে তাঁর তালাক দেওয়া স্বামী কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা শহরের কাছে ঢেলপীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মরিয়মের সাবেক স্বামী আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ছয় বছর আগে বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী ধনীপাড়ার বাবুল হোসেনের মেয়ে মরিয়মের সঙ্গে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের চড়াইখোলা কালারবাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে আবুল বাশারের বিয়ে হয়। তখন আবুল বাশার তৎকালীন বিডিআরে কর্মরত ছিলেন। পরে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার দায়ে তাঁর সাজা হয়। এরপর মরিয়ম তাঁকে তালাক দেন। কারাভোগ করার পর সম্প্রতি বাশার মুক্তি পান। গতকাল এইচএসসির ইংরেজি বিষয়ের পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন মরিয়ম। ঢেলাপীরহাট এলাকায় পৌঁছালে মরিয়মের পথরোধ করেন বাশার। তুমুল বাগিবতণ্ডার একপর্যায়ে বাশার তাঁর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মরিয়মের ডান হাতের কবজিতে আঘাত করেন। এতে তাঁর হাত রক্তাক্ত জখম হয়।