পরীক্ষার্থীকে তুলে নেওয়ায় জড়িত এসআইয়ের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার্থী সাগর ইসলামকে পরীক্ষাকেন্দ্রের সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত এসআইয়ের শাস্তির দাবিতে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে।
গতকাল উপজেলার দেবকরা মারগুবা ডা. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন থেকে এসআই কামাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সাগর ওই বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পরীক্ষা দিতে গেলে কেন্দ্রের সামনে থেকে সাগরকে তুলে নিয়ে যান শাহরাস্তি থানার এসআই কামাল হোসেন। এ কারণে সে আর ওই দিনের পরীক্ষা দিতে পারেনি। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘কেন্দ্রের সামনে থেকে তুলে নিল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
নিরাপত্তাহীনতার কারণে বাড়ি যেতে না পেরে বর্তমানে সাগর উপজেলার ডাকবাংলোতে অবস্থান করছে।
এ বিষয়ে শাহরাস্তি থানার ওসি মিজানুর রহমান বলেন, সাগর ও তার পরিবার নিরাপদে বাড়িতে থাকতে পারে। কেউ তাদের ক্ষতি করতে পারবে না।
শাহরাস্তি থানা সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে সাগরের পরিবারের সঙ্গে প্রতিবেশী নুরুল হকের পরিবারের সম্পত্তি নিয়ে মারামারি হয়। এ ঘটনায় বুধবার রাতে নুরুল হকের পরিবার সাগরের মা-বাবাসহ তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় মামলা করে।