ঝালকাঠির রাজাপুর উপজেলায় দাখিল পরীক্ষা চলাকালে পরীক্ষার প্রশ্নপত্র বাইরে পাঠানোর দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দুই মাদ্রাসাশিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে সব ধরনের পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা বেগম এই দণ্ড দেন।
দণ্ড পাওয়া শিক্ষকেরা হলেন রাজাপুর ইসাহাকাবাদ আলিম মাদ্রাসার শিক্ষক মো. ফারুক হোসেন ও শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রেজাউল করিম।
পরীক্ষাকেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজাপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ১৬ নম্বর কক্ষে গতকাল দাখিল পরীক্ষার হাদিস শরিফ বিষয়ের পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পরেই পরীক্ষার প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে দেয় কাঠিপাড়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী সজীব হোসাইন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে কেন্দ্রের ওই কক্ষে অভিযান চালান ইউএনও।
তিনি ওই পরীক্ষার্থীর কাছে প্রশ্নপত্র দেখতে চাইলে তা দেখাতে সে ব্যর্থ হয়। এতে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে ওই কক্ষে কর্মরত দুই শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে অভিযুক্ত ওই দুই শিক্ষককে ভবিষ্যতে সব ধরনের পাবলিক পরীক্ষার দায়িত্ব পালনের ওপরও নিষেধাজ্ঞার আদেশ দেন।
ইউএনও বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের (৯) ধারা অনুযায়ী দোষী শিক্ষকদের অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং দোষী ব্যক্তিরা যেন কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে না পারেন, সে বিষয়েও আদেশ দেওয়া হয়েছে।