পরীক্ষার্থীকে মেসে থাকতে গুনতে হবে ১০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২ অক্টোবর শুরু হচ্ছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষা দিতে এসে নগরের বিভিন্ন মেসে অবস্থান করতে হলে জনপ্রতি ১০০ টাকা করে গুনতে হবে পরীক্ষার্থীদের। মেস মালিক সমিতির সঙ্গে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম সিদ্দীকী প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ চালু করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ বছর রেকর্ডসংখ্যক ৩ লাখ ১৬ হাজার ১২০ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী আবেদন করেছেন। গত বছর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৪৮ জন।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভর্তি পরীক্ষা এলেই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মেসের মালিকেরা বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছেন। এ বছর প্রশাসনের সঙ্গে বৈঠক করে তাঁরা চাঁদা আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। এতে শিক্ষার্থীরা আরও ভোগান্তিতে পড়বেন।

খোরশেদ আলম সিদ্দিকী বলেন, কোনো ভর্তি পরীক্ষার্থীকে মেসে রাখতে হলে ১০০ টাকা করে দিতে হবে।

এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা সমিতি, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখান থেকে বিনা অর্থে ভর্তি পরীক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।