পরীক্ষার্থীকে ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তার, মিছিল
ফেনীর পরশুরাম উপজেলায় শুভাষ দেবনাথ নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে গতকাল শনিবার পরশুরাম থানা প্রাঙ্গণে ও শহরে মিছিল হয়েছে। এ ছাড়া ছাত্র ও এলাকাবাসী ফেনী-পরশুরাম সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।সংশ্লিষ্ট সূত্রের বিবরণ অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যার দিকে বিলোনিয়ার স্থলবন্দর এলাকা থেকে পরশুরাম বাজারের দিকে যাওয়ার পথে বাউর খুমার তালুকপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের গতিরোধ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে একটি খালি বোতলসহ ভারতীয় হুইস্কির দুটি বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শুভাষ দেবনাথ (১৮), কিশোর কুমার দাস (২১), মো. সিরাজুল ইসলাম (২১) ও মো. হাকিমকে (২০) আটক করা হয়। গতকাল সকালে তাঁদের পরশুরাম থানায় সোপর্দ করা হয়।শুভাষ পরশুরাম সরকারি ডিগ্রি কলেজের মানবিক শাখা থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী। আগামী ১ এপ্রিল এই পরীক্ষা শুরু হচ্ছে। শুভাষ গতকাল থানায় প্রথম আলোকে বলেন, বন্ধু কিশোরের সঙ্গে তিনি বিলোনিয়া স্থলবন্দর এলাকায় ঘুরতে গিয়েছিলেন। বাজারে ফেরার পথে তাঁদের সামনের একটি মোটরসাইকেলের দুই আরোহীর কাছ থেকে ওই হুইস্কির বোতল উদ্ধার করে বিজিবি। কিন্তু এ ঘটনায় তাঁকে ও কিশোরকে গ্রেপ্তার করা হয়।সহপাঠী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পরশুরাম বাজারের হাসপাতাল সড়কে তাঁর একটি সাইকেল মেরামতের দোকান রয়েছে। তিনি নিজে সাইকেল মেরামত করে যে টাকা আয় করেন, তা দিয়ে তাঁর পড়াশোনা ও সংসার চলে। ওই দোকানের ভেতরে একটি চৌকি ও তাঁর পড়ার টেবিল রয়েছে। কাজের ফাঁকে পড়াশোনা করেন তিনি। এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ পান শুভাষ। সহপাঠীদের দাবি, শুভাষ মাদকসেবী নন।শুভাষের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সকাল থেকে পরশুরাম সরকারি ডিগ্রি কলেজের ছাত্রসহ এলাকার বহু মানুষ থানা প্রাঙ্গণে মিছিল করে। পরে মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফেনী-পরশুরাম সড়কের হাসপাতাল মোড়ে রাস্তায় গাছ ফেলে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবরোধ করে রাখে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র ও পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার তদন্ত করে সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, শুভাষ মাদকসেবী নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।