পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধের মতো কর্মসূচি বন্ধের দাবি জানিয়ে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ শিক্ষক–কর্মচারী ঐক্য পরিষদ l ছবি: প্রথম আলো
হরতাল-অবরোধের মতো কর্মসূচি বন্ধের দাবি জানিয়ে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ শিক্ষক–কর্মচারী ঐক্য পরিষদ l ছবি: প্রথম আলো

এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল-অবরোধের মতো কর্মসূচি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।
এ ছাড়া চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে একই স্থানে আলাদা মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা বলেন, আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এর মধ্যে দেশের রাজনৈতিক দলগুলো হরতাল-অবরোধ দিয়ে শিক্ষার্থীদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে। কোনো শিক্ষক পরীক্ষা নিতে গিয়ে, কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে যেন মারা না যান।
শিক্ষক নেতারা সরকারের কাছে অবিলম্বে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার এবং রাজনৈতিক কমর্সূচির নামে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, ‘বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না। সবার ছেলেমেয়ে এসএসসি পরীক্ষা দেবে। তাদের কথা বিবেচনা করে পরীক্ষাকে হরতালের আওতামুক্ত রাখুন।’
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
সারা দেশে জ্বালাও-পোড়াও, সন্ত্রাস-সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ জমিয়তুল উলামা। এতে সংগঠনের চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের খিতব ফরীদ উদ্দীন মাসউদ বলেন, ‘যে গণতন্ত্র মানুষ পুড়িয়ে মারে, সে গণতন্ত্র আমাদের দরকার নেই। গণতন্ত্রের জন্য মানুষ নয়, মানুষের জন্য গণতন্ত্র। সাধারণ মানুষের এখন প্রতিবাদী হওয়া ছাড়া উপায় নেই।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে মানববন্ধনে বক্তারা বলেন, এক পুত্রহারা মা কি বুঝতে পারেন না, শত পুত্রহারা মায়ের শোক? পুরো দেশ এখন বার্ন ইউনিটে পরিণত হয়েছে। আর কোনো মানুষকে যেন পুড়ে মরতে না হয়। বক্তারা দেশের সব রাজনৈতিক দলের প্রতি অবিলম্বে সংলাপে বসে সমস্যা সমাধানের আহ্বান জানান। চলমান রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে দোয়ার মধ্য দিয়ে মানববন্ধন শেষ হয়।