পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুরে এসএসসি ভকেশনাল পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষা বাবদ প্রতি বিষয়ে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রসচিবের বিরুদ্ধে। অথচ এভাবে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী বলে, হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব জিন্নাত আক্তার তাঁর বিদ্যালয়সহ হোসেনপুর আদর্শ উচ্চবিদ্যালয় ও আকবর আলী কারিগরি স্কুলের ১৮২ জন শিক্ষার্থীর কাছ থেকে প্রতি বিষয়ে ২০০ টাকা করে আদায় করেছেন। তাদের মোট সাতটি বিষয়ে ১৪০০ টাকা করে ব্যবহারিক পরীক্ষা বাবদ দিতে হয়েছে। এ বিষয়ে হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব জিন্নাত আক্তার বলেন, টাকা নেওয়ার নিয়ম না থাকলেও শিক্ষকদের খরচ বাবদ অল্প কিছু টাকা নেওয়া হচ্ছে। হোসেনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নাহার ইয়াসমিন বলেন, এসএসসি ভকেশনাল পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষা বাবদ টাকা নেওয়ার নিয়ম নেই। যদি কেউ টাকা নেন, তাহলে তদন্তসাপেক্ষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।