রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের সপ্তম সেমিস্টারের গতকাল সোমবারের পরীক্ষা হয়নি। দুপুরে ৪০১ নম্বর কোর্সের পরীক্ষা শুরুর আগে ছাত্রলীগের নেতা-কর্মীরা পরীক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই বিভাগের ব্রহিবিন করিম নামের এক শিক্ষার্থী আগের সেমিস্টারের পরীক্ষায় অকৃতকার্য হন। এর জেরে গতকাল বেলা দেড়টার দিকে ব্রহিবিন ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী নিয়ে পরীক্ষার হলে যান। তাঁরা পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের হল থেকে বের করে দেন।এ সময় নেতা-কর্মীরা পরীক্ষার হলে ভাঙচুর করেন এবং হলটি তালাবদ্ধ করে দেন। পরে প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া পুলিশের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করেন। তবে গতকাল আর পরীক্ষা হয়নি।ব্রহিবিন প্রথম আলোকে বলেন, ‘আমার তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের ৩০৬ নম্বর কোর্সের শিক্ষক হাবিবুর রহমান ক্লাস-পরীক্ষায় ৪০ নম্বরের মধ্যে মাত্র ৫ নম্বর দেন। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, আমাকে চতুর্থ বর্ষে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। আর পরীক্ষায় বসতে না পারলে আমার ছাত্রত্ব বাতিল করা হবে। বিষয়টির সুরাহা চেয়েও পাইনি।’শিক্ষক হাবিবুর রহমান বলেন, যে শিক্ষার্থী যেমন পরীক্ষা দিয়েছে, সে তেমন নম্বর পেয়েছে। বিভাগের সভাপতি সুভাষ চন্দ্র শীল বলেন, বিভাগের একাডেমিক কমিটির সভার মাধ্যমে ওই শিক্ষার্থীর ব্যাপারে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী দাবি করেন, এ ঘটনায় ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই।