পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা শুরুর সময় নিয়ে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) প্রথম দিনে গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের বাইরের প্রত্যন্ত এলাকার স্কুলগুলোর শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা শুরুর সময় নিয়ে বিভ্রান্তির খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে বোর্ড ও স্কুল কর্তৃপক্ষসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারণা সত্ত্বেও এসব অনগ্রসর জনপদের শিক্ষার্থীরা তা খেয়াল করতে না পারায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। তবে এরা সবাই পরীক্ষায় অংশ নিতে পেরেছে।
মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানা যায়, মিরসরাই বালিকা উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রী পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট পরে পরীক্ষা কেন্দ্রে এসেছে। কারণ তারা ভেবেছিল পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। কেন্দ্রসচিব মো. মহিউদ্দিন জানান, পরীক্ষার পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আজকে (শুক্রবার) সকাল নয়টায় পরীক্ষা শুরুর বিষয়টি বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। কোনো কারণে ছাত্রীরা তা খেয়াল করতে পারেনি হয়তো। কিছুটা দেরিতে এলেও তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ কেন্দ্রে পাঁচটি বিদ্যালয়ের আসন পড়েছে। পরীক্ষার্থী ছিল ৫৪৪ জন।
মিরসরাই খইয়াছড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের বেশ কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষা শুরুর প্রায় ১৫ মিনিট আগে কেন্দ্রে হাজির হয়েছে বলে জানা যায়। কারণ তাদেরও ধারণা ছিল পরীক্ষা ১০টায় শুরু হবে।
এ ব্যাপারে কেন্দ্রসচিব মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রায় সাত-আট মাইল প্রত্যন্ত এলাকা থেকে এরা পরীক্ষা কেন্দ্রে এসেছে। এরা সবাই অনগ্রসর জনপদের বাসিন্দা। পত্রপত্রিকা বা অন্য কোনো গণমাধ্যমে খবর জানার সুযোগ নেই। তারা পরীক্ষার তারিখ পরিবর্তনের খবরটাই শুধু জেনেছে বলে এ ধরনের বিভ্রান্তিতে পড়েছে।’
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযুষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বহিষ্কার অথবা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।’