পরীক্ষার্থীদের স্বার্থ অগ্রাধিকার দিয়ে সময়সূচি: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিরতিহীনভাবে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখেই সময়সূচি করা হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) প্রশিক্ষণার্থী শিক্ষকদের সঙ্গে এক সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের মতো দিনে দুই পত্রের পরীক্ষা দিতে অভ্যস্ত নয়, তারা মাঝে মাঝে বিরতি দিয়ে পরীক্ষা দিতে অভ্যস্ত। সময়সূচি করার সময় এটি বিবেচনা করেই সিদ্ধান্ত নেব।’ তিনি পরীক্ষার সময়সূচি বিষয়ে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।
নায়েমের মহাপরিচালক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
কয়েক দিন আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে শিক্ষামন্ত্রী তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বলেছিলেন, ভবিষ্যতে পাবলিক পরীক্ষার সময়সূচিতে ছুটির দিন ছাড়া কোনো বিরতি রাখা হবে না। তদন্ত কমিটিও প্রশ্নপত্র ফাঁস রোধে যেসব সুপারিশ করেছিল তার মধ্যে রয়েছে ‘দীর্ঘ সময়সূচি’র নিয়ম পুনর্নির্ধারণ করে সম্ভব হলে এক দিনে দুই পরীক্ষা নেওয়া অথবা প্রতিদিন একটি করে বিরতিহীনভাবে পরীক্ষা নেওয়া। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।