পরীক্ষার্থীদের স্বার্থ অগ্রাধিকার দিয়েই সময়সূচি: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিরতিহীনভাবে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখেই সময়সূচি করা হবে। তিনি গতকাল বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) প্রশিক্ষাণার্থী শিক্ষকদের সঙ্গে সভায় এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের মতো দিনে দুই পত্রের পরীক্ষা দিতে অভ্যস্ত নয়। তারা মাঝেমধ্যে বিরতি দিয়ে পরীক্ষা দিতে অভ্যস্ত। এটি বিবেচনা করেই সিদ্ধান্ত নেব।’ তিনি পরীক্ষার সময়সূচি বিষয়ে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পড়ালেখায় মনোযোগী হতে শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন। সভায় সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক খান হাবিবুর রহমান।
কয়েক দিন আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী কমিটির সুপারিশের ভিত্তিতে বলেছিলেন, ভবিষ্যতে পাবলিক পরীক্ষার সময়সূচিতে ছুটির দিন ছাড়া বিরতি রাখা হবে না।