কালকের প্রাথমিক সমাপনী পরীক্ষা শুক্রবার
আগামীকাল বুধবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় সচিবালয়ে এক ব্রিফিং করে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে সকালে মন্ত্রী পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বিরোধী দলকে আগামীকাল বুধবারের অবরোধ প্রত্যাহার বা স্থগিত করার অনুরোধ জানিয়েছিলেন। মন্ত্রী ওই সময় বলেন, বিরোধী দলের এ সিদ্ধান্তের জন্য বেলা তিনটা পর্যন্ত অপেক্ষা করা হবে। এর মধ্যে যদি তারা দয়াশীল না হয়, তা হলে তিনটার পর আগামীকালের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
নুরুল ইসলাম নাহিদ সকালে বলেন, ‘এই প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। আমি বিরোধী দলের প্রতি আহ্বান জানাব, এই নতুন প্রজন্মের প্রতি দয়াশীল হয়ে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার বা স্থগিত করবে।’
আগামীকাল সমাপনী পরীক্ষায় সাধারণ বিজ্ঞান পরীক্ষা হওয়ার ছিল। আজ পরীক্ষা নেই।