পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা লাখ টাকায় নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শিক্ষকেরা অপমান করায় এসএসসি পরীক্ষার্থী জীবন মৃধার (১৬) আত্মহত্যার ঘটনাটি এক লাখ টাকায় সমঝোতা হয়েছে। ফলে জীবন মৃধার পরিবার কিংবা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
গত শনিবার দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকেরা জীবনের বাবা মান্নান মৃধার সঙ্গে এক লাখ টাকা প্রদান ও বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া তাঁর ছোট ছেলে সাগরকে এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়ার ব্যয় বহন করার প্রতিশ্রুতির মাধ্যমে সমঝোতা করেন।
প্রধান শিক্ষক সুবল চন্দ্র রায় বলেন, যেহেতু দরিদ্র পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে, তাই অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, উপজেলা ও থানা প্রশাসনের উপস্থিতিতে সহায়তা হিসেবে এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক লাখ টাকা ও বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া জীবনের ছোট ভাই সাগরকে এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিতে সমঝোতা হয়। এ অর্থ বিদ্যালয়ের তহবিল থেকেই দেওয়া হবে।
মান্নান মৃধা সমঝোতার কথা স্বীকার করেছেন।
উপজেলার চৌধুরী আবদুল হামিদ একাডেমীর দশম শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র জীবন মৃধা এসএসসির ফরম পূরণের টাকা জমা দেওয়ার পর রসিদ না দেওয়ায় বিষয়টি জানতে গত বৃহস্পতিবার বিদ্যালয়ে যায়।
এ সময় উপস্থিত শিক্ষকেরা তাকে অপমান করলে ওই দিন দুপুরেই সে বাড়ি ফিরে আত্মহত্যা করে। এ ব্যাপারে গতকাল রোববার প্রথম আলোয় একটি খবর ছাপা হয়।