পরীক্ষার্থীর মাথা ফাটিয়েছে বখাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে এক এইচএসসি পরীক্ষার্থীর মাথা ফাটিয়েছে আনিছ আহম্মেদ নামের এক বখাটে যুবক। গত সোমবার সন্ধ্যায় টামটা (দ.) ইউনিয়নের সোনাচোঁ গ্রামের মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে। বখাটে আনিছের হামলায় পরীক্ষার্থীর নবম শ্রেণীতে পড়ুয়া ছোট বোনও গুরুতর আহত হয়েছে। আহত দুই বোন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আহত দুই বোনের মধ্যে বড়জন হাজীগঞ্জ পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখা থেকে এবার এইচএসসি পরীক্ষা দেবে, ছোট বোন ধোপল্লা জনতা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীতে অধ্যয়রত। হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই বোন জানায়, একই বাড়ির আনোয়ার হোসেনের ছেলে আনিছ দীর্ঘদিন ধরে দুই বোনকে কলেজে আসা-যাওয়ার পথে এবং বাড়ির মধ্যে সুযোগ পেলেই বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে। সোমবার সন্ধ্যায় উত্ত্যক্ত করার সময় তারা প্রতিবাদ করে। তখন আনিছ তার হাতে থাকা চার্জলাইট দিয়ে বড় বোনের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। এ ঘটনার পর ছোট বোন এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনার পর বাড়ির দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়।আহত দুই ছাত্রীর বাবা এ প্রসঙ্গে বলেন, ‘আমার দুই মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়টি ছেলের পরিবারকে একাধিকবার জানানো হয়েছে এবং বাড়ি থেকে তাদের অনেকবার সতর্ক করা হয়েছে। তার পরও আমার দুই মেয়েকে প্রকাশ্যে মারধর করে আহত করেছে। আমি এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’ এদিকে এ ঘটনার পর হাজীগঞ্জ পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ও গভর্নিং বডির সদস্যরা সোমবার রাতে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন দুই বোনের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন চৌধূরী বলেন, ‘এই ঘটনায় কেউ আমার কাছে এখনো অভিযোগ নিয়ে আসেনি। তার পরও আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’