
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নসংলগ্ন পাগলা নদীতে গত বুধবার সকালে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া জেএসসি পরীক্ষার্থীদের এবং তাদের বাবা-মায়ের আতঙ্ক কাটেনি। নৌকাডুবির স্থানে পানির নিচে কয়েকটি খুঁটির অস্তিত্ব পেয়েছে তদন্ত কমিটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব খুঁটিতে লেগেই নৌকাটি ডুবেছে।
তদন্ত কমিটির অন্যতম সদস্য নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভির গাজী গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছেন।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) প্রথম পরীক্ষায় অংশ নিতে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার দেড় শতাধিক পরীক্ষার্থী বহনকারী একটি নৌকা সেতুর নিচে ডুবে যায়। এতে মারা গেছে দুই পরীক্ষার্থী। বাকি পরীক্ষার্থীরা প্রাণে বাঁচলেও তাদের মধ্যে ১৬ জন পরীক্ষাকেন্দ্রে যায়নি। যারা গেছে, তারাও আতঙ্ক আর ভেজা শরীরে ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি।
নৌকাডুবির ভয়াল স্মৃতি স্মরণ করে গতকালও আঁতকে উঠছিল বেঁচে যাওয়া পরীক্ষার্থীরা। তাদের দুজন খাদিজা আক্তার ও উম্মে খাদিজা মিথিলা কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘ঘরের মেঝেতে দাঁড়িয়ে থাকলেও মনে হয়, এই পানি আসছে। খাটে বসে থাকলে মনে হয়, তা উল্টে যাচ্ছে। রাতে ঘুমাতে পারিনি। চোখে নৌকা ডুবে যাওয়ার দৃশ্য ভাসে।’
উদ্ধার হওয়া ২০-৩০ জন পরীক্ষার্থী ও বেশ কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা হয় প্রথম আলোর এই প্রতিনিধির। আগের দিনের ঘটনার বর্ণনা করতে গিয়ে তানজিনা আক্তার নামের এক পরীক্ষার্থী কেঁদে ফেলে। কয়েকজন পরীক্ষার্থী বলে, যা দেখেছে তা কোনো দিন তারা ভুলবে না। গতকাল তারা নৌকার পরিবর্তে হেঁটে পরীক্ষাকেন্দ্রে গেছে।
অভিভাবক মিনারা আক্তার, আমেনা বেগম ও সাচ্চু মিয়া বলেন, পরীক্ষার জন্য ছেলেমেয়েদের ভিন্ন ইউনিয়ন কৃষ্ণনগরে যেতে হচ্ছে। পরীক্ষাকেন্দ্র নিজেদের ইউনিয়নে হলে তারা আতঙ্ক থেকে কিছুটা রেহাই পেত।
গতকাল দ্বিতীয় দিনের পরীক্ষায় ওই কেন্দ্রে বীরগাঁও উচ্চবিদ্যালয়ের ২৭৫ জন অংশ নেয়। পরীক্ষা চলাকালে ডুবে যাওয়া নৌকায় থাকা পরীক্ষার্থী তানজিনা আক্তার অসুস্থ হয়ে পড়ে। কৃষ্ণনগর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের এক স্বাস্থ্য সহকারীকে ডেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে আরেক শিক্ষার্থী পাপিয়া আক্তার অসুস্থ হয়ে পড়লে অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) গাড়িতে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
কৃষ্ণনগর আবদুল জব্বার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব ফেরদাউসুর রহমান বলেন, নৌকাডুবির ঘটনায় প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ১৬ পরীক্ষার্থীর মধ্যে গতকাল ৭ জন অংশ নিয়েছে। নৌকাডুবির কারণে ৩২ জনের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে যাওয়ায় গতকাল বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা নেওয়া হয়।
তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
নৌকাডুবির পর বুধবারই ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাহেদুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অপর দুই সদস্য নবীনগরের ইউএনও সালেহীন তানভির গাজী ও জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র। কমিটির সদস্যরা গতকাল সকালে নৌকাডুবির স্থান পরিদর্শন করেন। শিক্ষক, জনপ্রতিনিধি ও তাঁদের উপস্থিতিতে দুপুরে চরগোসাইপুর-কৃষ্ণনগর নির্মাণাধীন সেতুর নিচে তিনজন মাঝিকে নামানো হয়। তাঁরা একটি পিলারের কাছে পুঁতে রাখা গাছ ও বাঁশের খুঁটির অস্তিত্ব পান।
বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজির হোসেন বলেন, সেতুর নিচে পুঁতে রাখা বাঁশের খুঁটি ও স্টিলের পাইপের সঙ্গে ধাক্কা লেগেই তলা ছিদ্র হয়ে নৌকা ডুবে গেছে।