কুমিল্লা সিটি কলেজের ১২২ জন এইচএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র ফি বাবদ এক হাজার টাকা করে জমা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পরীক্ষার্থীরা ওই টাকা জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করে। আগামী ১ এপ্রিল সারা দেশে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মু ইফতেখার আলম ভূঁইয়া জানান, প্রবেশপত্র ফি বাবদ ৬০০ টাকা, ম্যাগাজিন বাবদ ২০০ টাকা এবং আলমারি কেনা বাবদ ২০০ টাকা করে মোট এক হাজার টাকা এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। এ বছর সিটি কলেজের পরীক্ষার্থীরা বরুড়া উপজেলার আগানগর আদর্শ ডিগ্রি কলেজে পরীক্ষা দেবে। তাই কেন্দ্র খরচের জন্য প্রবেশপত্র ফিসহ সব মিলিয়ে এক হাজার টাকা নেওয়া হচ্ছে।বেশ কয়েকজন পরীক্ষার্থী গত বুধবার বিকেলে প্রথম আলো কুমিল্লা কার্যালয়ে এসে জানায়, কুমিল্লা সিটি কলেজ প্রতিষ্ঠার তিন বছরে তিনবার এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করেছে। কলেজটি ব্যবসায়িক স্বার্থে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। এখানকার বেশির ভাগ শিক্ষার্থী বাইরের। তাই কলেজ কর্তৃপক্ষ কোনো ধরনের নীতিমালা না মেনেই যখন-তখন নানা খাতে ফি আদায় করছে। শিক্ষাজীবন টিকিয়ে রাখার জন্য বাধ্য হয়ে তারা ফি জমা দিচ্ছে। যারা এইচএসসির মডেল টেস্ট দেয়নি তাদের ১০ হাজার টাকা করে জামানত ফি দেওয়ার জন্য বলা হয়েছে।পরীক্ষার্থীদের অভিযোগ, গত ডিসেম্বর মাসে এইচএসসির ফরম পূরণের সময় সর্বোচ্চ ১১ হাজার ৭৫০ থেকে সর্বনিম্ন নয় হাজার ৮৫০ টাকা পর্যন্ত আদায় করা হয়। কিন্তু রসিদ দেওয়া হয় দুই হাজার ৬০০ টাকার। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলে, ‘আমার কাছ থেকে ১১ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়। কিন্তু রসিদ দেওয়া হয় পাঁচ হাজার ৪০০ টাকার। একই সঙ্গে পরীক্ষা শেষে নম্বরপত্রের জন্য এক হাজার ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়। তা ছাড়া ম্যাগাজিন বাবদ ২০০ টাকা করে নেওয়া হলেও কলেজ ম্যাগাজিনে প্রচুর বিজ্ঞাপন ছাপা হয়েছে। বিজ্ঞাপন ছাপানোর পর বাড়তি টাকা নেওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না।’ কলেজের অধ্যক্ষ মু ইফতেখার আলম ভূঁইয়া বলেন, ‘ম্যাগাজিনে বিজ্ঞাপন বাবদ ৩৫ থেকে ৪০ হাজার টাকা পেয়েছি। কিন্তু খরচ হয়েছে অনেক টাকা। তাই ১২২ জন পরীক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হচ্ছে।’ ফরম পূরণের সময় অতিরিক্ত টাকা নেওয়া প্রসঙ্গে বলেন, এগুলো মাসিক বেতনের টাকা। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ও নম্বরপত্রের নামে কোনো ধরনের ফি নেওয়ার সুযোগ নেই। পরীক্ষার্থীরা ফরম পূরণের সময় এক হাজার ৩০০ টাকা দিয়ে নাম নিবন্ধন করেছে। এর বাইরে টাকা নিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’