পাবনার ঈশ্বরদী, রাজবাড়ীর গোয়ালন্দ, বগুড়ার শেরপুর, বাগেরহাটের কচুয়া, খুলনার তেরখাদা, বরগুনার আমতলী, দিনাজপুরের হাকিমপুর ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ১৩ জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী-খুলনা মহাসড়কের ঈশ্বরদীর জয়নগরে গতকাল শুক্রবার একটি ট্রাক একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিকশার যাত্রী এসএসসি পরীক্ষার্থী আরিফুল ইসলাম (১৬) ও রিকশাচালক জহুরুল (৩৫) নিহত হন। নিহত আরিফুল ও জহুরুলের বাড়ি মানিকনগরে। আরিফুলের বাবার নাম ঘটু প্রামাণিক।গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের সদর উপজেলার ফেলুর দোকান নামক এলাকায় গতকাল শুক্রবার একটি ট্রাক অপর একটি শ্যালো ইঞ্জিনচালিত যান নসিমনকে চাপা দেয়। এতে নসিমনের যাত্রী পাংশা উপজেলার বাঁশগ্রাম এলাকার আজিজ মুন্সি (৬০), দোপাকেল্লা গ্রামের ইউছুপ আলী (৪০) ও আবদুর রশীদ (৫৫) নিহত হন।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের কাঁঠালতলা এলাকায় গতকাল শুক্রবার একটি মাইক্রোবাসের চাপায় হামছায়াপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে লোমান (৭) নিহত হয়েছে।বাগেরহাট: বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার রাঢ়ীপাড়ার বকুলতলা এলাকায় গতকাল শুক্রবার পিকআপের চাপায় শ্রাবণী আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। খুলনা: খুলনা-তেরখাদা সড়কের তেরখাদা উপজেলার নলামারা এলাকায় গত বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রী মেহেরপুরের গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ-উজ্জামান (৪৫) ও ভ্যানচালক ইঞ্জিন শেখ (৩০) নিহত হন। নিহত এসআইয়ের বাড়ি তেরখাদা উপজেলার বারাসাতে। আমতলী (বরগুনা): আমতলী-তালতলী সড়কের কড়ইবাড়িয়া বাজারে গত বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাসের চাপায় ঝিলিক (১০) নামে এক শিশু মারা গেছে। সে আমতলী উপজেলার হাঁড়িপাড়া গ্রামের ফোরকান প্যাদার ছেলে।হাকিমপুর (দিনাজপুর): দিনাজপুরের হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে গত বৃহস্পতিবার একটি ট্রাকের চাপায় হাকিমপুর উপজেলার খাট্টাউছনা পূর্বপাড়া গ্রামের রকিব উদ্দিনের স্ত্রী ফাতেমা (৩৫) ও মেয়ে রওজা খাতুন (১০) নিহত হয়।বানিয়াচং (হবিগঞ্জ): হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বানিয়াচং উপজেলার সাদকপুর গ্রামে গত বৃহস্পতিবার একটি বাসের চাপায় ওয়াহিদ মিয়া (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। ওয়াহিদের বাড়ি বাহুবল উপজেলার আশাতলা গ্রামে।