ফরিদপুর সদর উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নগরকান্দা উপজেলায় বৃহস্পতিবার অপর এক দুর্ঘটনায় একজন জেএসসি পরীক্ষার্থী নিহত হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ফরিদপুরগামী একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদী বাজার যাত্রী ছাউনির কাছে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার পাঁচজন যাত্রী আহত হয়।এরপর বাসটি রাস্তার পাশে দাঁড়ানো আরও দুটি অটোরিকশা এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নূরুল ইসলাম মল্লিক (৫০) নামের এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি মাচ্চর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি ইটভাটার ব্যবস্থাপক। দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।আহত ব্যক্তিদের মধ্যে রাফিয়া বেগম (৩৬) ও তাঁর ছেলে রাফিনকে (৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ধুলদীর রওশন মিয়া (৬০), রাজবাড়ীর বালিয়াকান্দির সামাদ মণ্ডল (৫০) ও অজ্ঞাত এক ব্যক্তিকে (৩০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নগরকান্দা-তালমা সড়কে নগরকান্দার জুঙ্গুরদিতে বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে বাসের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তর (১৩) নামের এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়। এ ছাড়া টেম্পোর চালকসহ আরোহী পাঁচ জেএসসি পরীক্ষার্থী আহত হয়। পরীক্ষার্থীরা তালমা নাজিমুদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত পরীক্ষার্থী বিশ্বজিৎ, সোহাগ মাতব্বর ও সাগর হালদারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত টেম্পোচালক মোস্তফা, ছাত্রী রেজবা ও সালমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।