পরীক্ষাসহ নানা ফি দুই থেকে পাঁচ গুণ বৃদ্ধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে থাকা পরীক্ষার ফি ও সনদপত্র উত্তোলনসহ বিভিন্ন প্রকার ফি বাড়ানো হয়েছে। দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত এই ফি বৃদ্ধি করা হয়েছে।
গত ২৩-২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ফি বাড়ানোর বিষয়টি অনুমোদন করা হয়। এ বছরের জানুয়ারি থেকে এই বর্ধিত ফি কার্যকর করা হয়েছে।
প্রতিটি বিভাগে স্নাতক শ্রেণীতে তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষার ফি ৫০ থেকে বাড়িয়ে ১০০ টাকা, তিন ঘণ্টার বেশি সময়ের পরীক্ষার ফি ৬০ থেকে ১২৫ টাকা করা হয়েছে। স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণীতে ৬০ টাকার পরীক্ষার ফি বাড়িয়ে করা হয়েছে ১২৫ টাকা। বিভিন্ন বিভাগে কোর্স উন্নয়ন ফি ১০০ থেকে ৫০০ টাকা, হাজিরা কম হলে জরিমানা (ননকলেজিয়েট) ফি ৫০০ থেকে এক হাজার টাকা এবং স্নাতকোত্তর থিসিস পরীক্ষার ফি ২০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে।
অপরদিকে শিক্ষার্থীদের সাময়িক সনদপত্র উত্তোলনের জন্য ১০০ টাকার স্থলে ৩০০ টাকা পরিশোধ করতে হবে। জরুরি ভিত্তিতে সনদপত্র উত্তোলন ফি ২০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। মূল সনদপত্র ২০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা, স্নাতক (সমঞ্চান) ও স্নাতকোত্তরের নম্বরপত্র উত্তোলন ফি ১২৫ থেকে বাড়িয়ে ২০০ টাকা, জরুরি নম্বরপত্রের জন্য ২২৫ টাকার ফি বাড়িয়ে ৬০০ টাকা, সাবসিডিয়ারি নম্বরপত্র ফি ১৫০ থেকে বাড়িয়ে ৫০০, ডুপ্লিকেট নম্বরপত্র ৩০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা, ডুপ্লিকেট প্রবেশপত্র ৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা, নাম সংশোধনী ফি ২৫০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে মেডিকেল কলেজগুলোতে পরীক্ষার ফিও বৃদ্ধি করা হয়েছে। চিকিৎসা অনুষদে এমবিবিএস, বিডিএস পরীক্ষার ফি এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকা এবং স্নাতকোত্তর এমএস, এমডি, এমফিল পরীক্ষার ফি দুই হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করার জন্য সরকার বারবার বলে আসছে। এ জন্য সনদপত্র উত্তোলন ও পরীক্ষার ফি কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, ‘পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে যে ফি নেওয়া হয় তাতে পরীক্ষা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের ভর্তুকি দিতে হয়। সেটা কমাতেই ফি কিছুটা বাড়ানো হয়েছে।’