পরীক্ষাসূচি পরিবর্তনের দাবি

সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম কমার্স কলেজ, সরকারি মহিলা কলেজ, ওমরগণি এম ই এস কলেজ, ইসলামিয়া কলেজ, পটিয়া সরকারি কলেজের চতুর্থ বর্ষের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের শিক্ষার্থী আজিজুর রহমান প্রথম আলোকে জানান, চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয় ২ জুন। সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ২৫ জুন। দুটি পরীক্ষার মাঝখানে সময় দেওয়া হয়েছে এক থেকে দুই দিন। অন্যান্য বার তিন থেকে চার দিন সময় দেওয়া হতো।
ওমরগণি এম ই এস কলেজের শিক্ষার্থী জমির হোসেন বলেন, ‘চতুর্থ বর্ষের বিভিন্ন বিষয়ের বই বাজারে এসেছে কিছুদিন আগে। এরই মধ্যে মাত্র ২২ দিন আগে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। স্বল্প সময়ের প্রস্তুতিতে পরীক্ষায় ভালো করা অসম্ভব। তাই পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়ার দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি।’
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘২০০৯-১০ ব্যাচ, আমরা কেন গিনিপিগ’, ‘বই বের হয়েছে মে-তে, কী পরীক্ষা দেব জুনে’, ‘পরীক্ষা ২ মাস পিছিয়ে দিতে হবে’—লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
নোয়াখালী অফিস জানায়, একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল নোয়াখালী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তৃতীয় ও চতুর্থ বর্ষে তেমন কোনো ক্লাসই হয়নি। এর মধ্যে ১০ জুন থেকে তৃতীয় বর্ষের এবং ২৫ জুন থেকে চতুর্থ বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। অথচ বেশির ভাগ শিক্ষার্থীই প্রস্তুতি নিতে পারেনি। এ অবস্থায় চতুর্থ বর্ষের পরীক্ষা কমপক্ষে দুই মাস না পেছালে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হবে।