
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের মানোন্নয়ন ও চতুর্থ বর্ষের পরীক্ষা একই দিনে নেওয়ার সময়সূচি ঘোষণার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: রংপুরের কারমাইকেল কলেজে বেলা ১১টায় মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যের সামনে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোবাশ্বের ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসি, ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সহসভাপতি ভুবন ভূষণ রায়, সাধারণ শিক্ষার্থী পরিমল রায় প্রমুখ।
কর্মসূচি চলাকালে বলা হয়, তৃতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষা ও চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা যথাক্রমে ২৭ জুন ও ২৮ জুন এবং আগামী ১, ২, ৪, ৫ ও ৮ জুলাই একই দিনে অনুষ্ঠিত হবে। পরীক্ষার এ সময়সূচি বাতিল করা না হলে ৬ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হবে। পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেন। এরপর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়।
কুমিল্লা: চতুর্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধসহ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। একই সঙ্গে কলেজের অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন, গণিতের কামরুল হাসান ও পরিসংখ্যান বিভাগের সোহেল রানা বলেন, ২০১৪ সালের ১ ডিসেম্বর চতুর্থ বর্ষের পাঠদান শুরু হয়। ৫ জানুয়ারি থেকে টানা হরতাল-অবরোধ থাকার কারণে কোনো ক্লাস হয়নি। এরপর কয়েক দিন ক্লাস হয়েছে। এ সময়ের মধ্যে নয়টি কোর্সের অর্ধেকও পড়ানো হয়নি। এ অবস্থায় পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো।
বগুড়া: চতুর্থ বর্ষের পরীক্ষা পেছানো এবং সময়সূচি সংশোধন, সমন্বয়সহ আলাদা দিনে পরীক্ষা গ্রহণের দাবিতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শেষে শহরের সাতমাথায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
চতুর্থ বর্ষের পরীক্ষার্থী আলতাফ হোসেন বলেন, ঘোষিত পরীক্ষাসূচিতে আগামী ৮ জুলাই তৃতীয় বর্ষের বাংলা, ইংরেজি, ইতিহাস ও ইসলামি শিক্ষা বিষয়ে পরীক্ষা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। চতুর্থ বর্ষের সূচিতেও একই দিনে সম্মান শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের কথা উল্লেখ রয়েছে। এ কারণে চতুর্থ বর্ষের কেউ ওই দিন মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে চাইলে তাঁকে চতুর্থ বর্ষের পরীক্ষার সুযোগ হারাতে হবে।
ময়মনসিংহ: দুপুরে আনন্দ মোহন সরকারি কলেজের কয়েক শ শিক্ষার্থী চতুর্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে কলেজের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বলেন, দাবি মানা না হলে কাল শনিবার একই দাবিতে বিক্ষোভ করা হবে।
চাঁদপুর: পরীক্ষা পেছানোর দাবিতে বেলা ১১টার দিকে চাঁদপুর সরকারি কলেজের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। প্রায় অাধা ঘণ্টা পর পুলিশ এসে ছাত্রছাত্রীদের সরিয়ে দেয়। পরে তাঁরা কলেজের প্রবেশমুখে অবস্থান নিয়ে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন।