পরীক্ষায় অংশ নিয়েও অনুপস্থিত!
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় অংশ নেওয়া বেশ কিছু শিক্ষার্থীকে পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খাতা হারিয়ে পরীক্ষায় তাঁদের অনুপস্থিত দেখিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েও শিক্ষার্থীরা এ ব্যাপারে কোনো ফল পাচ্ছেন না। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে গত বছরের ১২ ফেব্রুয়ারি রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে এমএডের ‘শিক্ষার গুণগত ব্যবস্থাপনা’ বিষয়ের পরীক্ষা হয়। এই পরীক্ষায় অংশ নেওয়া ২০০৬ সালের ব্যাচের চতুর্থ সেমিস্টারের ছয়জন পরীক্ষার্থীর সবাইকে অনুপস্থিত দেখানো হয়েছে। এ ব্যাপারে তিনজন পরীক্ষার্থী আঞ্চলিক পরিচালকের কাছে অভিযোগ করেন।অভিযোগকারী ওয়াজ উদ্দিন জানান, গত ১২ নভেম্বর প্রকাশিত ফলাফলে তাঁদের অনুপস্থিত দেখানো হয়েছে। তিনি গাজীপুরে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তাঁকে জানানো হয়, তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। কোনো অগ্রগতি হলে রাজশাহী কেন্দ্রে জানিয়ে দেওয়া হবে। তবে গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত তাঁকে কিছু জানানো হয়নি।রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মর্তূজা আহাম্মেদ ওই ব্যাচের ছয়জন পরীক্ষার্থীর অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। খাতা হারানোর অভিযোগ প্রসঙ্গে মর্তূজা আহাম্মেদ বলেন, পরীক্ষার্থীরা হয়তো সব কাগজে ঠিক মতো স্বাক্ষর করেন না। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে সবকিছু করা হয়। শুধু রাজশাহী কেন্দ্র নয়, আরও কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থীদের অনুপস্থিত দেখানোর অভিযোগ পাওয়া গেছে। ঢাকার মহাখালী টিঅ্যান্ডটি মহিলা কলেজ কেন্দ্র থেকে ২০০৯ সালের এইচএসসি প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নেন মনির হোসেন। কিন্তু তাঁকে অনুপস্থিত দেখানো হয় ইংরেজি ও পৌরনীতি বিষয়ে। এ ব্যাপারে তিনি পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবরে অভিযোগ করেন। পরে তাঁর পৌরনীতির খাতা পাওয়া যায়। কিন্তু ইংরেজির খাতা পাওয়া যায়নি। ফলে তাঁকে আবারও পরীক্ষা দিতে হয়েছে।মো. হাসান ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্র থেকে ২০১০ সালে এইচএসসি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেন। তাঁকে সমাজ বিজ্ঞান ও ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়েছে। এ ব্যাপারে তিনি বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করেন। সেখান থেকে গত ২০ জানুয়ারি তাঁকে জানানো হয়, তাঁর খাতা খুঁজে পাওয়া যায়নি। হাসান জানান, এখন পরীক্ষা নিয়ন্ত্রককে জানাতে হবে। তিনি কিছু করতে না পারলে আবারও পরীক্ষা দিতে হবে।একই সময়ে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দেন শাহীন নামের আরেক পরীক্ষার্থী। তাঁকে যুক্তিবিদ্যা পরীক্ষায় অনুপস্থিত দেখিয়ে অকৃতকার্য দেখানো হয়। তিনিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করেছেন। শাহীন জানান, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে তাঁকে গতকাল পর্যন্ত কিছু জানানো হয়নি।মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেওয়া মর্তুজা মাহমুদকে ২০০৯ সালে প্রথম বর্ষের পরীক্ষায় সমাজবিজ্ঞানে ও ২০১০ সালে দ্বিতীয় বর্ষ ইংরেজিতে অনুপস্থিত দেখানো হয়। তিনি দুবারই লিখিত অভিযোগ করেন। খাতার হদিস না পাওয়ায় তাঁকে আবার সমাজবিজ্ঞান পরীক্ষা দিতে হয়েছে। তিনি বলেন, তাঁর ইংরেজি পরীক্ষা খুব ভালো হয়েছিল। কিন্তু তাঁকে হয়তো সেই পরীক্ষা আবার দিতে হবে।গাজীপুরে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা খাতা হারানোর বিষয়টি স্বীকার করে জানান, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এই সমস্যা হচ্ছে।