পরীক্ষায় অংশ নেওয়া হলো না তাঁর
নোয়াখালীর কবিরহাট পৌরসভার ইন্দ্রপুর এলাকায় গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোরফান উদ্দিন ওরফে সোহান (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত গোরফান উদ্দিন কবিরহাট সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। গতকাল তাঁর নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে বিদ্যুতের তার ছিঁড়ে গোরফানদের রান্নাঘর ও বসতঘরের ওপর পড়ে। এতে ঘর দুটির টিন বিদ্যুতায়িত হয়ে পড়ে। বেলা ১১টার দিকে গোরফান বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর মা কাজল আক্তার (৫০), বোন চামেলি আক্তার (২২) ও দাদি হালিমা আক্তার (৮০) বিদ্যুৎস্পৃষ্ট হন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে গোরফানের মৃত্যু হয়। বিদ্যুৎস্পৃষ্ট অন্য তিনজনকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি গোরফানদের বাড়ি পরিদর্শন করেছেন।