পরীক্ষায় অকৃতকার্য হয়ে আন্দোলন নেপথ্যে ছাত্রলীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় অকৃতকার্য হয়ে ফলাফল পুনর্মূল্যায়ন ও শর্ট সেমিস্টার পদ্ধতি প্রচলনের দাবিতে একদল শিক্ষার্থী কয়েক দিন ধরে টানা আন্দোলন চালানোয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। আন্দোলনের কারণে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। তবে অকৃতকার্য ওই শিক্ষার্থীদের আন্দোলনের নেপথ্যে ছাত্রলীগের প্রত্যক্ষ সমর্থন রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের (২০০৮-০৯ শিক্ষাবর্ষ) দ্বিতীয় লেভেলের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ওই ব্যাচের ৭৩ জন (নিয়মিত ৬৬ ও অনিয়মিত আটজন) পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২৩ জন কৃতকার্য হন। বাকিরা পাঁচ কোর্সের কম বিষয়ে অকৃতকার্য হওয়ায় পরবর্তী লেভেলে (তৃতীয় বর্ষ) প্রমোশনের সুযোগ পান। তবে নয়জন পরীক্ষার্থী ২৯টি কোর্সের মধ্যে পাঁচ কোর্সের বেশি বিষয়ে অকৃতকার্য হওয়ায় পরবর্তী লেভেলে প্রমোশনের সুযোগ পাননি।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ফলাফল প্রকাশের পরপর অকৃতকার্য ওই নয় পরীক্ষার্থীর নেতৃত্বে একদল শিক্ষার্থী একত্র হয়ে সন্ধ্যার পর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসে ভাঙচুর চালান। এ সময় তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন। একাধিক শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে জানা গেছে, যে নয় পরীক্ষার্থী অকৃতকার্য হয়ে পরবর্তী লেভেলে উত্তীর্ণ হতে পারেননি, তাঁদের অধিকাংশই ছাত্রলীগের কর্মী-সমর্থক। পরবর্তী লেভেলে উত্তীর্ণের সুযোগ বঞ্চিত হয়ে ছাত্রলীগের নেতাদের প্রত্যক্ষ মদদে অকৃতকার্য শিক্ষার্থীরা ঘোষিত ফলাফল বাতিল করে পুনর্মূল্যায়ন এবং শর্ট সেমিস্টার পদ্ধতির প্রচলন করে সবাইকে পরবর্তী বর্ষে উত্তীর্ণের সুযোগের দাবিতে আন্দোলন চালান। ওই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুল্লাহ তালুকদার বরাবরে গত শুক্রবার একটি স্মারকলিপিও প্রদান করেছে। স্মারকলিপিতে শিক্ষকদের নম্বর কম দেওয়ার প্রবণতা এবং ব্যক্তিগত আক্রোশে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়। অকৃতকার্য শিক্ষার্থীরা হচ্ছেন: বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসাইন, ছাত্রলীগের কর্মী তারেক আহমদ চৌধুরী, মওদুদ আহমেদ, শাওন দত্ত, মো. আশিক ইকবাল, মো. রেজাউল আলম, মো. শরিফুল ইসলাম ও সুদীপ দত্ত। ওই নয় পরীক্ষার্থী যথাক্রমে ৬, ৯, ১০, ১০, ৮, ১২, ১১ ও ১৩ কোর্সে অকৃতকার্য হয়েছেন। অথচ বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, প্রতি বর্ষের দুটি সেমিস্টার মিলিয়ে পাঁচ কোর্সের বেশি অনুত্তীর্ণ হলে কোনো শিক্ষার্থী পরবর্তী লেভেলে প্রমোশনের সুযোগ পাবেন না।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচ পর্যন্ত শর্ট সেমিস্টার পদ্ধতির প্রচলন ছিল। এই নিয়মানুসারে ফলাফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা নেওয়া হতো। সে পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী লেভেলে প্রমোশনের সুযোগ দেওয়া হতো। কিন্তু ১৩তম ব্যাচ থেকে এই নিয়ম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে কোনো শিক্ষার্থী পাঁচ কোর্সে ফেল করলে অনুত্তীর্ণ থেকে যাচ্ছেন। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অতীতের নিয়ম পুনরায় চালু করার ব্যাপারে আন্দোলন করছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসাইন জানান, ওই বিভাগের কয়েকজন শিক্ষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের সঠিক নম্বর না দেওয়ায় ফলাফলে তাঁরা কৃতকার্য হতে পারেননি। তাই শিক্ষার্থীরা ফলাফল পুনর্মূল্যায়ন এবং শর্ট সেমিস্টার চালুর দাবি জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করার কর্মসূচি দিয়েছেন।ফারুক প্রথম আলোকে বলেন, ‘আমরা ছাত্রলীগের সঙ্গে জড়িত, সেটা ঠিক। কিন্তু এটি ছাত্রলীগের আন্দোলন নয়, এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। “নির্যাতিত ও জুলুমবিরোধী ছাত্রসমাজ ব্যানারে” আন্দোলন চলছে। এ আন্দোলনে ক্যাম্পাসের সব শিক্ষার্থীর সমর্থন রয়েছে।’ আন্দোলনের নেপথ্যে ছাত্রলীগ—এ প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আফরাদুল ইসলাম বলেন, ‘এটি ঠিক নয়। সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন। তবে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব নীতি চায়। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা যে দাবিতে আন্দোলন করছেন, সেটা যৌক্তিক। আন্দোলনে সরাসরি অংশ না নিলেও আমাদের সমর্থন রয়েছে।’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুল্লাহ তালুকদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফেল করায় কিছু শিক্ষার্থী আন্দোলন করছেন। ফেল করার পর কাউকে পরবর্তী বর্ষে পড়ার সুযোগ দেওয়ার তো কোনো বিধান বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় নেই। এটা শিক্ষার্থীদের অন্যায় আবদার, এটা মেনে নেব কীভাবে? তবে অচলাবস্থা কাটাতে আমরা শিগগিরই উদ্যোগ নেব।’