পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ভেবে...
ঢাকার ধামরাইয়ের নান্দেশ্বরী গ্রামের একটি বাসা থেকে গত মঙ্গলবার তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর বোন বলেছেন, পরীক্ষার ঘোষিত ফলাফলের তালিকায় তার নাম না থাকায় অকৃতকার্য হয়েছে ভেবে সে আত্মহত্যা করে থাকতে পারে। কিন্তু পরে খোঁজ নিয়ে জানা যায়, সে সব বিষয়েই উত্তীর্ণ হয়েছে।জয়মালা আক্তার (১০) নামের ওই স্কুলছাত্রী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাওন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছে। সে ধামরাইয়ের জোয়ার আমতা গ্রামের আমির হোসেনের মেয়ে।পারিবারিক ও এলাকাবাসী সূত্র জানায়, বাবা দ্বিতীয় বিয়ে করায় মাস পাঁচেক আগে জয়মালা তার বড় বোন মধুমালার বাসায় চলে যায়। মধুমালা ধামরাইয়ের নান্দেশ্বরী গ্রামের একটি বাসায় ভাড়া থাকেন। জয়মালাকে পশ্চিম কাওন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তি করার চেষ্টা করেন মধুমালা। কিন্তু আগের বিদ্যালয় ত্যাগের সনদপত্র না থাকায় স্কুল কর্তৃপক্ষ তাকে ক্লাস করা ও পরীক্ষা দেওয়ার সুযোগ দিলেও ভর্তি করেনি। এ অবস্থায়ই সে দ্বিতীয় সাময়িক ও বার্ষিক পরীক্ষায় অংশ নেয়।প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে জয়মালা স্কুলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ঘোষিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকায় নিজের নাম না দেখে বাসায় ফিরে আসে। এরপর কারও সঙ্গে কথা না বলে নিজের ঘরে যায়। দীর্ঘক্ষণ পর ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে জয়মালাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।পশ্চিম কাওন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্র জানায়, জয়মালা বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র পাল জানান, জয়মালা আগে ধামরাইয়ের একটি স্কুলে লেখাপড়া করত। ওই বিদ্যালয় ত্যাগের সনদপত্র না থাকায় তাকে ভর্তি করা সম্ভব হয়নি। তবে অভিভাবকের অনুরোধে তাকে নিয়মিত ক্লাস ও পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। ভর্তির খাতায় তার নাম না থাকায় ঘোষিত ফলাফলে তাকে উত্তীর্ণ দেখানো সম্ভব হয়নি। তবে ফলাফলের খাতায় তার ফলাফল অন্তর্ভুক্ত করা হয়েছে। সে সব বিষয়েই উত্তীর্ণ হয়েছে। কিন্তু উত্তীর্ণ হওয়ার বিষয়টি না বুঝেই সে লজ্জায় আত্মহত্যা করে থাকতে পারে।মধুমালা জানান, বাবা দ্বিতীয় বিয়ে করার পর জয়মালা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এর পরও সে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর প্রতিজ্ঞা করে। কিন্তু এখানেও আসার পর ভর্তির বিড়ম্বনায় পড়ে সে আরও ভেঙে পড়ে। তবে তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে চতুর্থ শ্রেণীতে ভর্তির সুযোগ দেওয়া হবে—বিদ্যালয় কর্তৃপক্ষের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে সে আগ্রহ নিয়ে নিয়মিত স্কুলে যায় এবং পরীক্ষায় অংশ নেয়।ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রশিদ জয়মালার ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।