পরীক্ষায় অতিরিক্ত খাতা না দেওয়ায় ক্ষোভ
গাজীপুর জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজে গতকাল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত উত্তরপত্র না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত উত্তরপত্র না পেয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। গাজীপুর সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা জানায়, এইচএসসি পরীক্ষায় গতকাল সকাল থেকে ব্যবসায় নীতি ও প্রয়োগের প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ছাত্রীদের অনেকেই মূল উত্তরপত্র লেখা শেষে অতিরিক্ত উত্তরপত্র ওই কক্ষের পরিদর্শকের কাছে চাইলে তিনি চাহিদামতো অতিরিক্ত উত্তরপত্র দিতে গড়িমসি করেন। ওই কক্ষের পরিদর্শক কাজী আনোয়ারুল মামুন বলেন, ‘খাতা মোটা করলেই তো আর বেশি নম্বর পাবে না। তারা একটি পাতায় মাত্র আট-নয় লাইন লিখেই পাতা শেষ করছে। তাই তাদের বলা হয়েছে, কমপক্ষে ১৬ লাইন না লিখলে অতিরিক্ত খাতা দেওয়া হবে না।’ পরীক্ষা শেষে কাজী আজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেনের কাছে শিক্ষার্থীরা অভিযোগ দিয়েছেন। কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা ক্ষতিয়ে দেখা হবে।