পরীক্ষায় অব্যবস্থাপনার অভিযোগ প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৩টি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন জেলা সিভিল সার্জনের অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণীর ছয়টি এবং চতুর্থ শ্রেণীর সাতটি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ১২ মার্চ অধিদপ্তর থেকে পাঠানো নির্দেশনা অনুযায়ী গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানিকগঞ্জ পৌর এলাকার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১১ হাজার ৩৭৮ জন প্রার্থী আবেদন করেন। এঁদের মধ্যে ১০ হাজার তিনজনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। বাকি এক হাজার ৩৭৫ জন প্রার্থীর আবেদনপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি।
সরকারি দেবেন্দ্র কলেজ, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজ ও সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে প্রার্থীদের কাছ থেকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায়। পরীক্ষা শেষে সরকারি দেবেন্দ্র কলেজ কেন্দ্রে স্বাস্থ্য সহকারী পদের প্রার্থী সেলিনা আক্তার অভিযোগ করেন, প্রবেশপত্রে তাঁর রোল নম্বর ১৩৮৪৬৮৩। একই রোল নম্বরে আরেক প্রার্থীও পরীক্ষা দেন। পরে পরীক্ষা চলাকালীন কক্ষে দায়িত্বরত শিক্ষক তাঁর (সেলিনা) খাতাটি বাতিল করেন। প্রবেশপত্রে নতুন রোল নম্বর ১৩৮৭৭২৭ দিয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য এক ঘণ্টার পরিবর্তে তাঁকে ২০ মিনিট সুযোগ দেওয়া হয়।
সেলিনা আক্তারের মতো পলাশ কুমার সাহা, মিন্টু মিয়া, তোফাজ্জল হোসেনসহ আরও অনেকেই একই অভিযোগ করেন। এ ছাড়া প্রবেশপত্রে দেওয়া ঠিকানা অনুযায়ী অনেক প্রার্থীকে কেন্দ্রে গিয়ে পরীক্ষার আসন না পেয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার প্রবেশপত্র না পেয়ে শতাধিক প্রার্থী সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হট্টগোল করেন।
সিভিল সার্জন মো. শাহ্ আলম প্রথম আলোকে বলেন, সময়ের স্বল্পতার কারণে পরীক্ষা সম্পন্ন করতে গিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর প্রার্থী বেশি হওয়ায় সমস্যা আরও প্রকট হয়।