পরীক্ষায় এমসিকিউ তুলে দিতে শিক্ষাবিদদের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা থেকে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) উঠিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদেরা। একই সঙ্গে তাঁরা নোট-গাইড ও কোচিং সেন্টারের ওপর নির্ভরশীলতা বন্ধ করা, শিক্ষাক্রম সংশোধন করে সহজভাবে বই তৈরি, পরীক্ষা পদ্ধতি সংস্কার, প্রশ্নব্যাংক তৈরি করে সেখান থেকে পরীক্ষা নেওয়াসহ বেশ কিছু সুপারিশ করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতি এসব পরামর্শ দেন শিক্ষাবিদেরা। মতবিনিময় সভার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাবিদেরা সৃজনশীল প্রশ্ন পদ্ধতি নিয়ে নতুন করে চিন্তা করারও পরামর্শ দেন।
বর্তমানে ১০০ নম্বরের পরীক্ষায় ৪০ নম্বর এমসিকিউ এবং ৬০ নম্বর সৃজনশীল পরীক্ষা হয় (যেসব বিষয়ে ব্যবহারিক আছে, সেগুলোতে নম্বর কম)। তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী বছর থেকে এমসিকিউয়ে ১০ নম্বর কমানো হবে।

>নোট​-গাইড ও কোচিং সেন্টারের ওপর নির্ভরশীলতা বন্ধ, সহজভাবে বই তৈরি, প্রশ্নব্যাংক তৈরি করে পরীক্ষা নেওয়ার সুপারিশ

শিক্ষাবিদদের পরামর্শের জবাবে মতবিনিময় সভার সভাপতি শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাবিদদের এই পরামর্শ অনুযায়ী তাঁরা এখন কর্মপন্থা ঠিক করবেন। তবে প্রশ্নব্যাংক তৈরি করে পরীক্ষা নেওয়ার বিষয়ে তাঁরা প্রাথমিকভাবে সিদ্ধান্তও নিয়েছেন। এখন শিক্ষাবিদদের পরামর্শ সিদ্ধান্ত বাস্তবায়নে সাহস জোগাবে।
শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, এখন দেখা যাচ্ছে, শিক্ষকেরাই সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন করতে পারছেন না। না পেরে তাঁরা গাইড বই অনুসরণ করছেন। অর্থাৎ আবারও নোট, গাইড বইয়ের যুগে চলে যাওয়া হচ্ছে। এ জন্য তিনি কেন্দ্রীয়ভাবে প্রশ্নব্যাংক তৈরি করে সেখান থেকে পরীক্ষা নেওয়ার পরামর্শ দেন। বিপুলসংখ্যক পাসের সমালোচনা করে তিনি বলেন, এত পাস সমস্ত শিক্ষাব্যবস্থায় সন্দেহ তৈরি করছে। মানুষের আস্থা কমে গেছে।
শিক্ষার বিভিন্ন সমস্যা উল্লেখ করে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, শিক্ষার সোনার খাঁচা তৈরি হলো, কিন্তু গানের পাখিটি এল না। তাহলে চলবে না।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, এমসিকিউ শূন্যে নামিয়ে আনা উচিত। এখন কোচিং ও প্রাইভেট টিউশনের রমরমা ব্যবসা হচ্ছে। যদি গাইড বই পড়তে হয়, তাহলে পাঠ্যবইয়ের দরকার কী? তিনি পাবলিক পরীক্ষা ৭ থেকে ১০ দিনের মধ্যে শেষ করার পরামর্শ দেন।
মাধ্যমিকের মানোন্নয়নের পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানও বাড়াতে হবে বলে মত দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। তিনি বলেন, এ জন্য শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে।
পাঠ্যবইয়ের বিভিন্ন সমস্যা উল্লেখ করে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, এমনভাবে বই লেখা উচিত, যাতে একজন ছাত্র বা ছাত্রীকে প্রাইভেট পড়তে না হয়। এমনকি স্কুলের শিক্ষকও যদি না পড়ান, তাতেও যেন শিক্ষার্থীরা পাঠ্যবই পড়ে জেনে নিতে পারে। তিনি বলেন, পরীক্ষায় এমসিকিউ পুরোটাই তুলে দেওয়া উচিত।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, এখন প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হলো। তাহলে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করতে হবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার আদৌ প্রয়োজন আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
চমৎকার পাঠ্যবই তৈরি, প্রশ্ন ও মূল্যায়নব্যবস্থা ভালো করার পরামর্শ দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।
মূল উপস্থাপনায় মাধ্যমিক শিক্ষার বিভিন্ন সমস্যা ও অন্যান্য তথ্য উল্লেখ করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ। বর্তমানে সারা দেশে মাধ্যমিক বিদ্যালয় আছে ১৯ হাজার ৬৮৪টি।
শিক্ষাসচিব সোহরাব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক মো. আখতারুজ্জামান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমেদ, শিক্ষক সামসে আরা হাসান, শ্যামলী নাসরিন চৌধুরী, কাজী ফারুক আহমেদ প্রমুখ। শিক্ষাবিদেরা শ্রেণিকক্ষের শিক্ষা কার্যক্রম আরও আকর্ষণীয় করা, স্থায়ী শিক্ষা কমিশন, শিক্ষক নিয়োগে আলাদা কমিশন গঠন ও শিক্ষকতায় মেধাবীদের আকর্ষণীয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেন।