পরীক্ষায় জালিয়াতি, দুই শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, উপজেলার নবীপুরের এশফাকুল হক মান্না আলীম মাদ্রাসার অধ্যক্ষ বদর উদ্দিন ও শিক্ষক আবদুর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালে অনুষ্ঠিত ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ওই মাদ্রাসার নিয়মিত ছাত্র আবদুল হকের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু মাদ্রাসার অধ্যক্ষসহ বেশ কয়েকজন জালিয়াতির মাধ্যমে ওই পরীক্ষার্থীর প্রবেশপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র ঘষামাজা করে একই মাদ্রাসার আরেক ছাত্র ইফরান উদ্দিনের নাম বসান। বোর্ড থেকে পাঠানো পরীক্ষার্থীদের তালিকায় ইফরানের নাম ছিল না। এ কারণে তার পরীক্ষা নিশ্চিত করতে গিয়ে এ জালিয়াতি করা হয়েছে। ইফরান পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে।ইফরানের ভাই সম্প্রতি মাদ্রাসা সুপারের কাছে গিয়ে তাঁর ছোট ভাইয়ের সমাপনী পরীক্ষার ফলাফল সিট আনতে যান। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ তাঁকে ফলাফল সিট দিতে অস্বীকৃতি জানান। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, জালিয়াতির কারণে তাঁর ভাই পরীক্ষা দিতে পারেনি। বিষয়টি গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশাকে জানানো হয়।ইউএনও জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা কাগজপত্র পর্যালোচনা করে জালিয়াতির বিষয়টির সত্যতা পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার মাদ্রাসার অধ্যক্ষ বদর উদ্দিন ও শিক্ষক আবদুর রহমানকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় দুই শিক্ষক জালিয়াতির বিষয়টি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাঁদের থানা-পুলিশে সোপর্দ করা হয়।