পরীক্ষায় নতুন সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ও এইচএসসি পরীক্ষার নতুন সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম, দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা পৃথকভাবে মিছিল নিয়ে নগরের মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়।
তবে শনিবার সাপ্তাহিক ছুটির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড বন্ধ ছিল। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বেলা সোয়া ৩টা পর্যন্ত চলে। এ সময় মুরাদপুর সড়কের একপাশে যানজটের সৃষ্টি হয়। ২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে। এ পদ্ধতি বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে শিক্ষার্থীরা।
কর্মসূচিতে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলেজিয়েট স্কুল, শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কাজেম আলী হাইস্কুল অ্যান্ড কলেজ, সাউথ এশিয়ান কলেজ, চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, কমার্স কলেজ, ওমরগনি এমইএস কলেজ, নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ, আগ্রাবাদ মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেয় সাউথ এশিয়ান কলেজের সাজ্জাদুল ইসলাম ও সাফায়েত ফাহিম। তারা বলে, ২০১৭ সাল থেকে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু এর জন্য সময় বাড়ানো হয়েছে মাত্র ১০ মিনিট। আগে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হতো ২ ঘণ্টা ১০ মিনিটে। তারা নতুন এই পদ্ধতি বাতিলের দাবি জানায়।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা ভুল বুঝে আছে। তাদের এখন প্রস্তুতি নেওয়ার সময়। কিন্তু তারা সময় নষ্ট করছে। নতুন পদ্ধতিতে আগের চেয়ে ১০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন কমেছে এবং একটি সৃজনশীল প্রশ্ন বাড়ানো হয়েছে। সব মিলিয়ে সময় কমেনি। রাস্তায় না নেমে তাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত।’