পরীক্ষায় পাস করানোর দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কিছুসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার দাবিতে গত দুদিন বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।গতকাল সোমবার অনুত্তীর্ণ শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে গত রোববার বিকেলে অনুত্তীর্ণ করানো হয়েছে বলে অভিযোগে তাঁরা অধ্যক্ষের বাসভবন, অফিসকক্ষ, ছাত্রীনিবাস ও প্রশাসনিক ভবন ভাঙচুর করেন। এ কর্মসূচির কারণে গত দুদিন এখানে কোনো ক্লাস হচ্ছে না।কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ মে প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ফল প্রকাশ হয়। এতে প্রথম সেমিস্টারের ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৮, তৃতীয় সেমিস্টারের ২৫৯ জনের মধ্যে ১১৮ ও পঞ্চম সেমিস্টারের ২৪২ জনের মধ্যে ১৮৪ জন পাস করেন।বিক্ষুব্ধ ছাত্ররা জানান, অধ্যক্ষের অবহেলা ও শিক্ষকদের দায়িত্ব পালনে গাফিলতি করায় তাঁরা ফেল করেছেন। শিহাব উদ্দিন নামে এক ছাত্র বলেন, ‘অধ্যক্ষসহ কতিপয় শিক্ষকরা আমাদের পরিকল্পিতভাবে ফেল করিয়ে দিয়েছে।’ অধ্যক্ষ গোলাম মর্তুজা জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্ররা খাতায় যা লিখেছেন, সে হিসেবে তাঁরা নম্বর পেয়েছেন। এখানে শিক্ষকদের করার কিছু নেই। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, গত দুই দিনের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।