পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগ নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলে শারমিন আক্তার নামের এক পরীক্ষার্থী হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সম্মিলিত মেধাক্রমে প্রথম স্থান অধিকার করে এখনো বিদ্যালয়ে যোগদান করতে পারছেন না।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিয়োগপত্রে স্বাক্ষর না করায় তিনি বিদ্যালয়ে যোগদান করতে পারছেন না। তবে সভাপতি বলছেন, নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যালয়ের সভাপতির কোনো সংশ্লিষ্টতা না থাকায় তিনি ওই শিক্ষকের নিয়োগপত্রে স্বাক্ষর দিচ্ছেন না। এ ব্যাপারে শারমিন আক্তার গত মে মাসে উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। শারমিন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গোলাম হোসেনের মেয়ে। শারমিন বলেন, গত ৯ এপ্রিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে সমিঞ্চলিত মেধাক্রমানুসারে উপজেলা পর্যায়ে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। তাঁকে উপজেলার বহরা ইউনিয়নের ঘোনাপাড়া এ এস এম নাসিম রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে পদায়ন করা হয়। সরকারি পরিপত্র অনুযায়ী ওই বিদ্যালয়ের সভাপতির নিয়োগপত্র ইস্যু করার কথা। কিন্তু বিদ্যালয়ের সভাপতি নিয়োগপত্রে সই করছেন না। তাই শারমিন ওই বিদ্যালয়ে যোগদানও করতে পারছেন না।ঘোনাপাড়া এ এস এম নাসিম রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ উদ্দিন বলেন, ‘আমিসহ কয়েকজন শিক্ষক সভাপতিকে অনুরোধ করেছি নিয়োগপত্রে সই দিতে। কিন্তু তিনি দেননি। বিদ্যালয়ের শিক্ষকের চারটি পদ রয়েছে। এর মধ্যে একটি পদ শূন্য রয়েছে। ওই শূন্য পদেই শারমিন আক্তারকে পদায়ন করা হয়েছিল। বর্তমানে শিক্ষক-সংকটের কারণে পাঠদানে অসুবিধা হচ্ছে।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী কবির উদ্দিন বলেন, ‘জেলা প্রশাসক এ ব্যাপারে আমাকে একটি চিঠি দিয়েছেন। আমি তাঁর চিঠির জবাবে বলেছি, নিয়োগ কমিটিতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। নিয়োগপত্রে সই দেওয়ার ব্যাপারে আমার কাছে কোনো চিঠিও দেওয়া হয়নি। তাই আমি নিয়োগপত্রে সই দেইনি। ওই শিক্ষিকাকে বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হলে আমার কোনো আপত্তি নেই।’উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় মেধাক্রমে ২৫ জনকে বিভিন্ন বিদ্যালয়ের শূন্য পদে পদায়ন করা হয়েছে। এর মধ্যে শারমিন ব্যতীত ২৪ জন সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগ দিয়েছেন।উপজেলা শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকার বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। তিনি নিজে, ইউএনও ও জেলা প্রশাসক ওই বিদ্যালয়ের সভাপতিকে চিঠি দিয়েছেন। চিঠির পরিপ্রেক্ষিতে সভাপতি জবাব দিয়েছেন, তিনি নিয়োগপত্র ইস্যু করবেন না।’